উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হাতে খুন?

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গৃহবধূকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটের ইটের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির ছেলেও গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মানিকদহ ইউনিয়নের বিলভরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রব মোল্লার (৫২) বাড়ি বিলভরা গ্রামে। তাঁর ছেলে সোহেল মোল্লাকে (১৮) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোহেল তিন ভাইবোনের মধ্যে তৃতীয়। এ ঘটনায় একই গ্রামের রাকিব মৃধাসহ (২২) ১২ জনকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা হয়েছে।
পুলিশ, পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিলভরা গ্রামের এক গৃহবধূকে (৩৫) মুঠোফোনে নাম-পরিচয় গোপন করে উত্ত্যক্ত করত এক বখাটে। ওই গৃহবধূ বিষয়টি তাঁর প্রতিবেশী সোহেল মোল্লাকে জানান। সোহেল খোঁজ নিয়ে জানতে পারেন, একই গ্রামের রাকিব উত্ত্যক্ত করেন। রাকিব কিছুদিন আগে ওই গৃহবধূর বাড়িতে রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করতেন। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে সোহেল এ ব্যাপারে রাকিবকে সতর্ক করতে যান। তখন তাঁদের মধ্যে হাতাহাতি হয়। রাতে দুই পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসা করে দেন।
মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি দোকান থেকে ফিরছিলেন সোহেল। ওই সময় রাকিবের নেতৃত্বে সাত-আটজন সোহেলের ওপর হামলা চালায়। তখন গ্রামের মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন সোহেলের বাবা রব মোল্লা। সেখানে পৌঁছালে হামলাকারীরা রব মোল্লার মাথায় ইট দিয়ে আঘাত করে। সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নিহত ব্যক্তির স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে রাকিব, তাঁর বাবা বাবু মৃধা, চাচা সোহরাব মৃধাসহ ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
সোহেল মোল্লা বলেন, ‘গৃহবধূকে যৌন হয়রানির প্রতিবাদ করায় রাকিব ও তার বাবা, চাচারা আমার বাবাকে হত্যা করেছে। আমাকে পিটিয়ে আহত করেছে।’
ঘটনার পর রাকিব ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।