উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-ভাইকে কুপিয়ে জখম
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত মঙ্গলবার এক তরুণীর বাবা ও ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই মেয়ে ও তার বোনকেও মারধর করা হয়। আহত বাবা ও ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, বাবা ও ছেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাঁরা এখন শঙ্কামুক্ত।
এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, ওই মেয়েকে আল আমিন ভূঁইয়া (২১) নামের এক তরুণ দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। জানতে পেরে গত মঙ্গলবার বিকেলে মেয়েটির ভাই এর প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে আল আমিনের নেতৃত্বে আরও চার-পাঁচজন লোক ধারালো অস্ত্র দিয়ে মেয়েটির ভাইকে কুপিয়ে জখম করেন। ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে তাঁর বাবাকেও কুপিয়ে জখম করা হয়। এ সময় ওই মেয়ে ও তার বোনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য বলেন, ‘রাতেই আমরা উভয় পক্ষকে ডেকেছিলাম। কিন্তু আল আমিন আসেননি। এখন এ ঘটনায় মামলার ব্যবস্থা করা হবে।’ এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও আল আমিন ভূঁইয়াকে পাওয়া যায়নি।