উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মাকে লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত শনিবার বাবা-মাকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। ওই মা অন্তঃসত্ত্বা। গুরুতর আহত ওই মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই মেয়ে বাদী হয়ে মামলা করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, লোহানীপাড়া ইউনিয়নের ওই মেয়ে স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে পড়ে। স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই তাকে ওই ইউনিয়নের উত্তর মাধাইখামার গ্রামের রেজওয়ান আলী (২২) উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই মেয়ে তার বাবা-মাকে জানায়। মেয়ের বাবা গত শুক্রবার ঘটনাটি ছেলের অভিভাবকদের জানিয়ে এর প্রতিকার চান। এর জের ধরে রেজওয়ান আলী ও তাঁর পরিবারের সদস্যরা শনিবার সকালে বাড়িতে এসে মেয়ের বাবা-মাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটান। এতে মেয়ের বাবা (৪৫) ও মা (৩৮) গুরুতর আহত হন। এ ছাড়া ওই হামলায় মেয়ের খালু (৩০) ও খালা (২৫) আহত হন। এর মধ্যে গুরুতর আহত মাকে ওই দিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গতকাল রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মেয়েটির মা মহিলা ওয়ার্ডের এক শয্যায় ব্যথায় কাতরাচ্ছেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘রেজওয়ান বখাটে ছেলে। মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনাটি তার (রেজওয়ান) বাবা-মাকে জানিয়ে বিচার চাওয়ায় তাঁরা সবাই মিলে বাড়িতে এসে আমাদের লাঠি দিয়ে মেরেছেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, আহত ওই মায়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
ওই মেয়ের স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আজ (গতকাল) বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, ওই ঘটনায় ভুক্তভোগী মেয়েটি নিজে বাদী হয়ে গতকাল রেজওয়ান আলীসহ তিনজনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়ার পর তা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।