উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শিশুটির বাবা ও দাদাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বখাটে বাবলু মোল্লা (২৫) ও তাঁর তিন সহযোগী সাজ্জাদ (২২), মাকছুদুল মোল্লা (২৫) ও লেখো মোল্লার (২৩) বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেছেন। আসামিদের বাড়ি উপজেলার কুমড়ি গ্রামে।
আহত অবস্থায় ওই শিক্ষার্থীর বাবা ও বংশীয় দাদা বাকিবিল্লাহ খানকে (২৫) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রীর চিকিৎসাধীন বাবা গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার মেয়েকে ওই বখাটে (বাবলু) উত্ত্যক্ত করে আসছে। গত বুধবার মেয়েকে ওই বখাটে ধাওয়া করে। পরদিন সকালে এ নিয়ে স্কুলে অভিযোগ দিতে রওনা হই। পথে ওই বখাটের সঙ্গে দেখা হয়। এ বিষয়ে জিজ্ঞাসা করতে সে উত্তেজিত হয়ে আমার পিঠে ছুরি মারে। এ সময় বাধা দিলে চাচা বাকিবিল্লাহকেও কোপায় সে। বাকি আসামিরাও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে।’
ওই ছাত্রী বলে, বিদ্যালয়ের একই শ্রেণির চার-পাঁচজন শিক্ষার্থীর সঙ্গে সে স্কুলে যাওয়া-আসা করে। প্রায় এক বছর ধরে বাবলু তাকে ও তার বান্ধবীদের উত্ত্যক্ত করছিল। ভয়ে তিন দিন ধরে তারা স্কুলে যাচ্ছে না।
ওই ছাত্রীর বান্ধবীরা জানায়, বুধবার বাড়ি থেকে একটু দূরে একটি পুকুরে তারা পাঁচ বান্ধবী গোসল করছিল। এ সময় বাবলু ওই পুকুর পাড়ে এসে দাঁড়ালে তারা দৌড় দেয়। এ সময় ওই ছাত্রীর পিছু নেয় বাবলু। চিৎকার করে কাঁদতে কাঁদতে পাশের বাড়িতে উঠে সে রক্ষা পায়।
ওই ছাত্রীর মা বলেন, ‘এ বিষয়ে বাবলুর অভিভাবকদের কাছে একাধিকবার অভিযোগ করা হলেও প্রতিকার মেলেনি। মেয়েকে নিয়ে আতঙ্কে আছি।’ ওই শিক্ষার্থীর বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফ খান বলেন, ‘ওই ছাত্রীকে বিরক্ত করার কথা শুনেছি।’ এ বিষয়ে জানতে বাবলুর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘর তালাবদ্ধ। অন্য আসামিদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। লোহাগড়া থানার ওসি শেখ লুৎফর রহমান গতকাল বলেন, বৃহস্পতিবার থেকেই বাবলুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।