উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসে হামলা, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় উত্ত্যক্ত করার ও জোর করে বাসে ওঠার চেষ্টার প্রতিবাদ করার জেরে বখাটেরা আবদুল গফুর চৌধুরী মহিলা কলেজের একটি ভাড়া করা বাসে হামলা চালিয়েছে। এতে বাসটির চালকের সহকারী আহত হয়েছেন।

গত রোববার সন্ধ্যা সোয়া ছয়টায় আদমপুর ইউনিয়নের আদমপুর বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম শাহ আবদুস সামাদ। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই রাতেই বাসের মালিক শাহ আবদুল মালিক থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শাহ আবদুল মালিকের একটি বাস ইসলামপুর ও আদমপুর ইউনিয়ন এলাকা থেকে আবদুল গফুর চৌধুরী মহিলা কলেজের ছাত্রীদের আনা-নেওয়া করে। গত রোববার দুপুরে বাসে করে কলেজে নামার পর পশ্চিম জালাল গ্রামের কতিপয় বখাটে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করে। বাসের চালক শাহ মো. ইয়াছিন ও তাঁর সহকারী শাহ আবদুস সামাদ এর প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে সন্ধ্যায় ছাত্রীদের নিয়ে বাস আদমপুর ফিরে আসার পর তারা বাসে উঠে সামাদকে রড দিয়ে পিটিয়ে আহত করে।

উত্ত্যক্তের শিকার দুই ছাত্রী গতকাল সোমবার বলেন, এক মাস ধরে বখাটেরা তাঁদের উত্ত্যক্ত করছে। তারা প্রায়ই জোর করে বাসে ওঠার চেষ্টা করে। রোববার দুপুরে কলেজের সামনে আবারও উত্ত্যক্ত করলে চালকের সহকারী তাদের শাসিয়েছিল। তাই সন্ধ্যায় বাসে উঠে তারা চালকের সহকারীকে মারধর করে।

কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দীন বলেন, ঘটনাটি তিনি কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানালেও তেমন সহায়তা পাননি। বিষয়টি তিনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাবেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, বিষয়টি তিনি জানেন না।