উত্ত্যক্তের প্রতিবাদ করায় বেত্রাঘাত, মামলা দিয়ে হয়রানির অভিযোগ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক স্কুলছাত্রকে সালিসে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে। পাশাপাশি স্কুলছাত্র ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আবু রায়হান নামের দশম শ্রেণির ওই স্কুলছাত্রের পক্ষে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আবু রায়হানের চাচাতো ভাই ইমরান আহম্মেদ। এ সময় রায়হানের বাবা মো. রফিকুল ইসলাম, চাচা মো. শফিকুল ইসলাম ও চাচাতো ভাই নোমান আহমেদ উপস্থিত ছিলেন।
ইমরান আহমেদ লিখিত বক্তব্যে বলেন, ৪ মে রাতে একটি অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার সময় এক মেয়েকে উত্ত্যক্ত করছিলেন খবিরউদ্দিন, মাহবুব, আল আমিনসহ এলাকার কয়েকজন। এর প্রতিবাদ করলে তাঁকে মারধর করে ধারালো অস্ত্রের ভয় দেখানো হয়। খবর পেয়ে তাঁরা (রায়হান ও ইমরান) মেয়েটিকে উদ্ধার করেন। তখন এর শক্ত প্রতিবাদও জানানো হয়। এর কিছুক্ষণের মধ্যেই আলীরটেক ইউপির চেয়ারম্যান মতিউর রহমান ওরফে মতির খালাতো ভাই নওয়াব মিয়া ও তাঁর লোকজন লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে এসে তাঁদের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁদের বাড়ির বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়। এরপর পুরো পরিবারকে বাড়িতে অবরুদ্ধ করা হয়। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। এ ঘটনায় তাঁরা মামলা করতে চাইলে মতিউর রহমান তাঁর খালাতো ভাই নওয়াব ও ভাতিজা মাহবুব ছাড়া খবিরউদ্দিনসহ অন্যদের বিরুদ্ধে মামলা করতে বলেন। তাঁরা (রায়হান ও ইমরান) সবার বিরুদ্ধে মামলা করার কথা বললে মতিউর ক্ষুব্ধ হন। এরপর তিনি ভাতিজা হাবিবুর রহমানকে দিয়ে তাঁদের বিরুদ্ধে উল্টো হত্যাচেষ্টার অভিযোগ এনে সদর মডেল থানায় মামলা করান। পরে মতিউরের চাপে ১৯ বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সালিস বসে। সেখানেও তাঁদের কথা না শুনে একতরফাভাবে আবু রায়হানকে ১০০ বেত্রাঘাত করেন মতিউর। রায়হানের চাচাতো ভাই নোমানকে কান ধরে ওঠবস করানো হয়। তাদের ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়। জরিমানার টাকা এক সপ্তাহের পরিশোধ করতে সময় বেঁধে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ‘ইভ টিজিংয়ের (উত্ত্যক্ত) ঘটনায় গ্রাম পঞ্চায়েত সালিস করেছে। বিচারের রায় ওনারাই দিয়েছেন। আমি না।’