উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়ে দুজনকেই পিটিয়ে আহত করেছে বখাটেরা। আজ শনিবার বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় হামলার শিকার মা ও মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের দুজনের শরীরে ফোলা-জখম রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহত ওই ছাত্রী হাতিয়া দ্বীপ সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রী।

ওই ছাত্রীর মামা অভিযোগ করে প্রথম আলোকে বলেন, কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই পূর্ব সোনাদিয়া গ্রামের আবদুল হালিমের ছেলে আবদুর রহমান তাঁর ভাগনিকে উত্ত্যক্ত করতেন। আজ বেলা তিনটার দিকে কলেজ থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে আবদুর রহমান তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন। এ সময় স্থানীয় লোকজনের মাধ্যমে ঘটনা জানতে পেরে তাঁর মা এসে প্রতিবাদ করলে আবদুর রহমান ও তাঁর সহযোগীরা মা-মেয়ে দুজনকেই পিটিয়ে আহত করে। এ সময় তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়ের ওপর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।