উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে পেটাল বখাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়ে দুজনকেই পিটিয়ে আহত করেছে এক বখাটে ও তার মা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আটপাড়া উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। 


আজ বুধবার এ ঘটনায় ওই ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ বখাটে ফজর আলী ও তার মা মাজেদা বেগমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এলাকার কয়েকজন বাসিন্দা, পুলিশ ও হামলার শিকার হওয়া মা-মেয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুলে যাওয়া-আসার পথে ফজর আলী প্রায়ই ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। গতকাল বিকেলে ছাত্রীটি স্কুল থেকে বাড়ির কাছাকাছি পৌঁছালে ফজর অশালীন কথা বলে তাকে উত্ত্যক্ত করে। ছাত্রীটি বাড়িতে গিয়ে কেঁদে তার মাকে ঘটনাটি জানায়। পরে মেয়েকে নিয়ে মা ফজর আলীর বাড়িতে গিয়ে ঘটনার বিচার চান। এতে ক্ষেপে গিয়ে ফজর আলী ও তার মা মাজেদা বেগম মা-মেয়ের ওপর হামলা চালান। কিল-ঘুষ মারেন, চুল ধরে টানাহেঁচড়া করে কাঠের চেলা দিয়ে পেটান। খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আজ বুধবার সকালে ফজর ও তার মাকে পুলিশ আটক করে। পরে উত্ত্যক্তের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে এই মা-ছেলেকে আসামি করে মামলা করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। আদালত তাঁদের কারাগারে পাঠান।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আহত মা-মেয়ের শরীরে ফোলা ও জখমের চিহ্ন রয়েছে।