উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে পিটিয়ে জখম
নেত্রকোনায় স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা ও মেয়ে দুজনকেই এক তরুণ ও তাঁর মা পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার মা ও মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় আটপাড়া উপজেলার মঙ্গলসিদ্ধ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ গতকাল বুধবার সকালে ফজর আলী নামের এক তরুণ ও তাঁর মা মাজেদা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা, পুলিশ ও হামলার শিকার মা ও মেয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুলে যাওয়া-আসার পথে আটপাড়া উপজেলার মঙ্গলসিদ্ধ গ্রামের ফজর আলী প্রায়ই ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন।
মঙ্গলবার বিকেলে মেয়েটি স্কুল থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে ফজর আলী তাকে উত্ত্যক্ত করেন। মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়। পরে মেয়েকে সঙ্গে নিয়ে তার মা ফজর আলীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের কাছে ঘটনার বিচার চান। এতে ক্ষিপ্ত হয়ে ফজর আলী ও তাঁর মা মাজেদা বেগম মা-মেয়ের ওপর হামলা চালান। খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পুলিশ গতকাল সকালে ফজর আলী ও মাজেদা বেগমকে আটক করে। বিকেলে মেয়েটির বাবা উৎপল দে বাদী হয়ে ফজর আলী ও মাজেদা বেগমকে আসামি করে আটপাড়া থানায় মামলা করেন। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আহত মা-মেয়ের শরীরে ফোলা ও জখমের চিহ্ন রয়েছে। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বখাটে ফজর আলী ও তাঁর মা মাজেদা বেগমকে গতকাল বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।