উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গত সোমবার রাতে অবসরপ্রাপ্ত একজন শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর ছোট ভাইকেও কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম মজিবর রহমান (৬৭)। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। আহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৬২)। তাঁদের বাড়ি ফকিরাবাদ গ্রামে।
ওই ঘটনায় গতকাল মঙ্গলবার নিহত ব্যক্তির ছোট ভাই মো. জাকারিয়া হত্যা মামলা করেছেন। তবে বিকেল চারটা পর্যন্ত পুলিশ কাউকে ধরতে পারেনি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার রাত নয়টার দিকে পাশের বাড়ির মসজিদে এশার নামাজ শেষে দুই ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন মজিবর। পথে আরিফুল ইসলাম (১৫) নামের একজনের বাড়ির সামনে পৌঁছামাত্র ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা মজিবর ও মিজানুরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মজিবর রহমান। স্থানীয় ব্যক্তিরা আহত মিজানুরকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
নিহত ব্যক্তির ছেলে আশরাফুজ্জামান রতনের ভাষ্যমতে, আরিফুল ইসলাম দীর্ঘদিন থেকে তাঁর মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। আরিফ আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে ঘোরাফেরা করে। তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ আছে। তিনি মেয়েকে উত্ত্যক্ত না করতে আরিফকে বারবার নিষেধ করেও ফল পাননি। সর্বশেষ সোমবার আরিফকে ডেকে নিয়ে মেয়েকে বিরক্ত না করার জন্য অনুরোধ করেন। আরিফ তাতে কর্ণপাত না করে উল্টো হুমকি দিয়ে চলে যায়। এ নিয়ে বাবা (মজিবর রহমান) ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। ইউএনওর নির্দেশে পুলিশ আরিফকে ধরে নিয়ে যায়। তবে কয়েক ঘণ্টার মাথায় ক্ষমতাসীনদের চাপে সমঝোতা করতে বাধ্য হন মজিবর রহমান। ফলে আরিফ থানা থেকে ছাড়া পায়। ছাড়া পেয়েই বাবাকে হত্যার পরিকল্পনা করে আরিফের পরিবারের লোকজন।
এদিকে ঘটনার পর থেকেই আরিফ ও তার পরিবারের লোকজন পলাতক। গতকাল সকাল ১০টার দিকে তাঁদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ইউএনও শান্তি মণি চাকমা বলেন, মজিবর রহমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে আরিফকে ধরে নিয়ে আসা হয়েছিল। কিন্তু পরে মজিবর রহমানই বিষয়টি এলাকায় মিটমাট করবেন বলে আরিফকে ছাড়িয়ে নিয়ে যান।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর ইসলাম খন্দকার বলেন, নিহত ব্যক্তির ছোট ভাই বেশ কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। ইতিমধ্যে ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা গেছে। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।