উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তরিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার উপজেলার শিবনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রামের লোকজন মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী রোজিনা বেগমকে পুলিশে সোপর্দ করেছে। তাঁদের বাড়িও শিবনারায়ণপুর গ্রামে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তরিকুল ও মনিরুল প্রতিবেশী। মনিরুল মুঠোফোনে তরিকুলের স্ত্রী নারগিস বেগমকে (২৬) উত্ত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে তরিকুল ও মনিরুলের মধ্যে বিরোধ ছিল। তাঁদের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে। এ বিষয়ে বছরখানেক আগে নারগিস বেগম শিবগঞ্জ থানায় অভিযোগ করেছিলেন। গ্রামে সালিসও হয়েছিল। গতকাল দুপুরে তরিকুলের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন মনিরুল। তখন তিনি নারগিসের উদ্দেশে আপত্তিকর কথা বলেন। নারগিস বাড়ি থেকে বের হয়ে এর প্রতিবাদ জানান। তখন মনিরুলের স্ত্রী রোজিনা ও তাঁর দুই বোনও সেখানে হাজির হন। তাঁরা নারগিসের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তরিকুলও বাড়ি থেকে বের হয়ে আসেন। মনিরুল বাড়ি থেকে ভারী কাঠের টুকরো এনে তরিকুলের মাথায় আঘাত করেন। লোকজন তাঁকে উদ্ধার করে শিবগঞ্জের কানসাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।