ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে পিটিয়ে আহত করা হয়েছে। আহত ছাত্রদের মধ্যে দুজনকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আহত ছাত্ররা হলেন জীব প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের নাজমুস সাকিব, পরিবেশবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ফয়সল আহমেদ ও অমিত সাহা। অমিত সাহা হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপর দুজনকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মশিয়ার রহমান প্রথম আলোকে বলেন, আহত ছাত্রদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নাজমুস সাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন ত্রিপলী প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শরণ। এ নিয়ে শরণের সঙ্গে আমাদের কথা-কাটাকাটি হয়। শরণকে একটি থাপ্পড় দেওয়া হয়। পরে শরণ তাঁর কয়েক বন্ধু ও বহিরাগত মূল ফটকেই রড ও লাঠিসোঁটা দিয়ে আমাদের এলোপাতাড়ি মারধর করে।’