উত্ত্যক্তের প্রতিবাদ, বখাটেদের হামলায় পরীক্ষার্থী আহত
সহপাঠীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক দাখিল পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে বখাটেরা। ওই পরীক্ষার্থীকে বাঁচাতে গিয়ে বখাটেদের ছুরিকাঘাতে আহত হয়েছেন অটোরিকশাচালকও। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে মাগুরা শহরের ভায়নার মোড় এলাকায়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া তরুণ হলেন মো. সিন্দবাদ। তিনি শহরের ভায়না টিবি ক্লিনিকপাড়ার মোসলেম মোল্লার ছেলে।
আহত দুজন হলেন দাখিল পরীক্ষার্থী আশিকুর রহমান (১৮)। তিনি জগদল রূপাটি দাখিল মাদ্রাসা থেকে চলতি দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন। তাঁর বাবার নাম আবদুর রশিদ। আহত অপরজন হলেন ব্যাটারিচালিত অটোরিকশা চালক মিরাজ হোসেন (২২)। তিনি জগদল গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অটোরিকশাচালক মিরাজ হোসেন প্রথম আলোকে জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে জগদল রূপাটি দাখিল মাদ্রাসার চার ছাত্রীসহ মোট আট পরীক্ষার্থী ওই অটোরিকশায় চড়ে মাগুরা শহরের সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিতে আসছিল। পথে মাগুরা টেক্সটাইল মিল এলাকায় অন্য অটোরিকশায় থাকা কয়েক বখাটে তরুণ পরীক্ষার্থী চার ছাত্রীকে উত্ত্যক্ত করা শুরু করে। অন্য সহপাঠীরা উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে তাঁরা ক্ষিপ্ত হয়ে অটোরিকশার গতিরোধ করে। পরে ধারালো ছুরি দিয়ে আশিক নামের এক পরীক্ষার্থীকে উপর্যুপরি আঘাত করে। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে চালক মিরাজও ছুরিকাঘাতের শিকার হন। আহত দুজনকে প্রথমে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত আশিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সিন্দবাদ নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।