উত্ত্যক্তের প্রতিবাদকারী শিক্ষার্থীকে পেটালেন ছাত্রলীগের নেতা-কর্মী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী এক ছাত্রীকে উত্ত্যক্তের সময় প্রতিবাদ করায় ইফতেখার শাহরিয়ার নামের এক শিক্ষার্থীকে পিটিয়েছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে। আহত ইফতেখার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে ক্লাস শেষে সহপাঠীদের সঙ্গে টুকিটাকি চত্বরের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইফতেখার। এ সময় ওই রাস্তায় শখের বসে অন্যের রিকশা নিয়ে চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী আবু খায়ের মোস্তফা। আর রিকশায় বসে ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক সাবরুন জামিল ও কর্মী হিরোক। তাঁরা ইফতেখারের সঙ্গে থাকা দুই ছাত্রীকে রিকশা দিয়ে ধাক্কা মেরে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলতে থাকেন। ইফতেখার এর প্রতিবাদ করলে খায়ের, জামিল ও হিরোকের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা ইফতেখারকে পিটিয়ে জখম করে চলে যান। পরে
সহপাঠীরা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেন। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে খায়েরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
নগরের মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, এ ঘটনায় বিকেলে ছাত্রলীগের খায়ের ও হিরোককে আটক করা হয়েছে। খায়েরের কাছ থেকে একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর দুই দিন আগে গত মঙ্গলবারই অবশ্য এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক কাজী আমিনুল ইসলামসহ কয়েকজন নেতা-কর্মী।