উত্ত্যক্তের বিরুদ্ধে মামলা করায় হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা করায় বাদীপক্ষের লোকজনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন শহরের মুজগুন্নী এলাকার বাসিন্দা কাজী নজরুল ইসলাম। তিনি সরকারের কাছে সবার নিরাপত্তা চেয়েছেন।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম জানান, তাঁর আধা পাকা বাড়িতে স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে ভাড়া থাকেন এক নারী। তাঁর স্বামী নেই। তিনি বাসাবাড়িতে কাজ করে সংসার চালান। মেয়েটি পড়াশোনায় অনেক ভালো। পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ পেয়েছে। স্থানীয় বখাটে জাফর ওরফে কালু, ছেয়ার শেখ, রায়হান আকন, সাইফুল ইসলামসহ আরও কয়েকজন মেয়েটিকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। একপর্যায়ে মেয়েটি স্কুলে যাওয়াই ছেড়ে দেয়। এরপর ২২ আগস্ট গভীর রাতে ওই ছেলেগুলো দল বেঁধে মেয়েটির বাসায় এসে জানালা ও দরজায় ধাক্কাধাক্কি করে। একপর্যায়ে ওই নারী দরজা খুলে বাইরে বেরিয়ে এলে ছেলেগুলো তাঁর মেয়েকে নিয়ে টানাহেঁচড়া করে। টের পেয়ে আশপাশের লোকজন ছুটে এলে ছেলেগুলো পালিয়ে যায়। পরদিনই এ ঘটনায় মেয়েটির মা খালিশপুর থানায় মামলা করেন। ৩০ আগস্ট পুলিশ জাফর, ছেয়ার, রায়হান ও সাইফুলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

নজরুল ইসলাম অভিযোগ করেন, মামলার কাজে সহায়তা করায় এলাকার কাজী রনকুল ইসলাম, শেখ আলাউদ্দিন আলা, কামরুল মল্লিক, মহিউদ্দিন, মো. মুরাদ ও ডানিয়েল নামের কয়েকজন তাঁকে ও মেয়েটির মাকে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছেন। মামলা তুলে না নিলে অপহরণ, অ্যাসিড নিক্ষেপ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় খালিশপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জানতে চাইলে মেয়েটির মা প্রথম আলোকে বলেন, ছয় মাসেরও বেশি সময় ধরে ওই ছেলেগুলো তাঁর মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে তাঁর মেয়ে স্কুলে যাওয়াই ছেড়ে দেয়। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জানানো হলেও কেউ কোনো পদক্ষেপ নেয়নি। ২২ আগস্ট রাত দেড়টার দিকে ছেলেগুলো বাসায় এসে তাঁর মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তিনি বাধ্য হয়ে আইনের আশ্রয় নেন। তিনি বলেন, বখাটেদের গ্রেপ্তারের পর তাঁকে ও তাঁর বাড়িওয়ালাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযুক্ত ব্যক্তিদের ফোন নম্বর সংগ্রহ করতে না পারায় এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলি বলেন, আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। হুমকি দেওয়ার অভিযোগে জিডি করা হয়েছে। মামলা ও জিডির বিষয়টি তদন্ত চলছে।