উত্ত্যক্তের শিকার ছাত্রীটির পরীক্ষা দেওয়া হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল রোববার এক জেএসসি পরীক্ষার্থী বখাটের উত্ত্যক্তের শিকার হয়েছে। এ কারণে সে পরীক্ষা দিতে পারেনি। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় মামলা হয়েছে।
এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গোলাম মোস্তফা নামের এক ব্যক্তি বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল সকাল নয়টার দিকে গণিত পরীক্ষা দেওয়ার জন্য ওই ছাত্রী বাড়ি থেকে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। একপর্যায়ে গোলাম মোস্তফার বাড়ির সামনে কয়েকজন সহযোগী নিয়ে মোস্তফা তার গতিরোধ করে। মোস্তফা তাকে প্রেমের প্রস্তাব দেয়, প্রত্যাখ্যান করলে ছাত্রীটিকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সে চিৎকার করলে গ্রামের বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
ওই ছাত্রী প্রথম আলোকে বলে, ‘একপর্যায়ে ওরা আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি শরীরের সব শক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করি। ধস্তাধস্তি হয়। আমি চিৎকার দিই, শুনে লোকজন এসে আমাকে উদ্ধার করে। তখন শরীর আমার থরথর করে কাঁপছিল। পথে আবার আমাকে ধরবে, এই ভয়ে পরীক্ষাকেন্দ্রে না গিয়ে বাড়ি ফিরে আসি।’ গতকাল বিকেলে গোলাম মোস্তফার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার পর থেকে সবাই অন্য কোথাও চলে গেছে।
ইউএনও সাইয়েদ এজেড মোরশেদ আলী বলেন, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।