উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় গত রোববার এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে একটি ছেলে উত্ত্যক্ত করত। সেই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।
মৃত ছাত্রীর নাম মমতাজ খাতুন (১২)। সে উপজেলার স্থল পাকড়াশী ইনস্টিটিউটের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। মমতাজ এনায়েতপুর থানার সরাতৈল গ্রামের আজগার আলীর মেয়ে।
ওই ছাত্রীর পরিবারের সদস্যরা বলেন, একই গ্রামের হারুন মিয়া দীর্ঘদিন ধরে মমতাজকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। বেশ কয়েক দিন ধরে সে মুঠোফোনে মমতাজকে অশালীন কথা বলছিল। হারুন রোববার বিকেলে মমতাজকে ফোন করে অশালীন কথা বলে। এসব কথা মমতাজ সহ্য করতে না পেরে পাশের রূপসী গ্রামে যায়। সেখানে তার বোনের শ্বশুরবাড়িতে গিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। ওই বাড়ির সদস্যরা রাত আটটার দিকে ঘরের দরজা ভেঙে মমতাজের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতারের মর্গে পাঠায়।
এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দুটি মুঠোফোনের কলের তালিকা যাচাই করে দেখা হচ্ছে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। সন্দেহভাজন হারুন মিয়া এই ঘটনার পর থেকে পলাতক।