
এক বখাটে তরুণের উত্ত্যক্তের শিকার হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডালিয়া আক্তার (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে তার লাশ উদ্ধার করে নাসিরনগর থানার পুলিশ।
ডালিয়ার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে গ্রামের এক বখাটে উত্ত্যক্ত করত। সেই অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। ডালিয়া উপজেলার ভলাকুট ইউনিয়নে ভলাকুট কে বি উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল। চৌকিদারপাড়ার খেলু মিয়ার মেয়ে সে। পাঁচ ভাইবোনের মধ্যে সে দ্বিতীয়। খেলু মিয়া ঢাকার গাবতলীর একজন হকার।
স্থানীয় লোকজন, নিহত ছাত্রীর পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের হামিদ মিয়া (২০) দীর্ঘদিন ধরে ডালিয়াকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও গ্রামবাসী এলাকায় একাধিকবার সালিস করেছেন।
ডালিয়ার বাবা খেলু মিয়া ও বড় ভাই সালমান শাহ প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে হামিদ মুঠোফোনে পরিবারের সদস্যদের হয়রানি করছিলেন। একই সঙ্গে তিনি মুঠোফোনে ডালিয়াকে অশালীন কথা বলতেন। গত রোববার বেশ কয়েকবার হামিদ মুঠোফোনে ডালিয়াকে অশালীন কথা বলেন। এসব সইতে না পেরে ডালিয়া রোববার বিকেলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
গতকাল সকাল সাড়ে আটটায় নাসিরনগর চাতলপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ ভূঁইয়া ডালিয়ার লাশ উদ্ধার করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। ফিরোজ আহমেদ বলেন, উত্ত্যক্তের যন্ত্রণা সইতে না পেরেই ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।
ভলাকুট ইউপির চেয়ারম্যান বাকি বিল্লাহ বলেন, বখাটে হামিদ মেয়েটিকে উত্ত্যক্ত করতেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত উত্ত্যক্তকারী হামিদ ও তাঁর পরিবার গা ঢাকা দিয়েছে। হামিদ ও তাঁর বাবা সবুজ মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করে তা বন্ধ পাওয়া যায়।
গতকাল বিকেলে ডালিয়ার বাবা খেলু মিয়া অভিযুক্ত হামিদ, তাঁর বাবা সবুজ মিয়াসহ চারজনকে আসামি করে নাসিরনগর থানায় একটি মামলা করেছেন।