ঝিনাইদহে ফুপাতো ভাইয়ের হাতে উত্ত্যক্তের শিকার হয়ে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তবে পরিবার বলছে, ওই ফুপাতো ভাই তাকে জোর করে বিষপান করিয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
ওই কিশোরীর নাম রিমা খাতুন (১৩)। সে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের রিপন বিশ্বাসের মেয়ে। রিমা স্থানীয় আসাননগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।
স্থানীয় কয়েকজন বলেন, মির্জাপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে নাজমুল হক (১৮) রিমার আপন ফুপাতো ভাই। নাজমুল তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ নাজমুল নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন রিমাকে। এ নিয়ে গোলমাল বাধে দুই পরিবারে। তখন রিমার নামে খারাপ কথা ছড়ানো হয়। এসব কথা রিমার বান্ধবীদের কানেও পৌঁছে যায়। তাদের কেউ কেউ বাজে মন্তব্যও করে। এত সব সহ্য করতে না পেরে গত বৃহস্পতিবার কীটনাশক পান করে রিমা।
তবে রিমার পরিবার বলছে, রিমার মুখে বিষ ঢেলে দিয়েছেন নাজমুলই। রিমার ফুপু আসমা খাতুন বলেন, বাড়ির পাশের রাস্তায় রিমাকে বৃহস্পতিবার দুপুরে একা পেয়ে তাকে জোর করে বিষ খাইয়ে ফেলে রেখে পালিয়ে যান নাজমুল হক।
পরিবারের সদস্যরা রিমাকে দ্রুত কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটায় পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় মামলা করেছে রিমার পরিবার। এতে নাজমুলসহ পাঁচজনকে আসামি করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) রেজাউল ইসলাম বলেন, তাঁরা এজাহারভুক্ত আসামি রেশমা খাতুন ও সুমি আক্তারকে গ্রেপ্তার করেছেন। মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।