উত্যক্ত করায় তিন বখাটে যুবককে কারাদণ্ড
ছাত্রীকে উত্ত্যক্ত করায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বগুড়ার সারিয়াকান্দিতে তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ে দুজন ও সারিয়াকান্দিতে একজনকে শাস্তি দেওয়া হয়। আজ সোমবার পৃথক ঘটনায় তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবককে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা তিনটার দিকে শহীদ মিনারের সামনে বসেছিলেন ওই ছাত্রীরা। এ সময় মাকসুদুল সালেহীন (২২) ও রুহুল আমিন (২২) নামের দুই যুবক ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে ছাত্রীরা তাঁদের এক বন্ধুকে মোবাইল ফোনে বিষয়টি জানান। তিনি (ওই বন্ধু) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানালে দুজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে আসেন। তাঁরা ওই দুই যুবককে আটক করে বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে তুলে দেন। পরে তাঁদের প্রধান নিরাপত্তা শাখায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল পাঁচটার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মজুমদার ও মো. আল-আমিন তাঁদের ১৫ দিন বিনা শ্রম কারাদণ্ড দেন। সালেহীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও রুহুল বেকার বলে জানা গেছে। তাঁদের বাড়ি বিশ্ববিদ্যালয়ের করিম ভবনসংলগ্ন এলাকায়।
প্রক্টর অধ্যাপক হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শুধু উত্ত্যক্ত করা না, ক্যাম্পাসে কেউ অনৈতিক কাজ করলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’
বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে বখাটে যুবক কমল চন্দ্র বর্মণ (২০)। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল মাহমুদ আজ দুপুরে তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ডাদেশ দেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।