উদীচীর তিন কর্মীকে পেটাল ছাত্রলীগ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উদীচী সংসদের তিন কর্মীকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী পিটিয়েছেন। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হল সূত্রে জানা গেছে, গতকাল রাতে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলনের আমন্ত্রণ ও অর্থ সংগ্রহের জন্য ওই হলে যান উদীচী সংসদের প্রচার সম্পাদক আল মুজাহিদ, সদস্য পলাশ চক্রবর্তী ও শাফায়েত হোসেন। হলের ১৩৭ নম্বর কক্ষে গেলে কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী মুসলে উদ্দিন, শাহেদ ইকবাল এবং পশুপালন অনুষদের শেখ আবদুল্লাহ আল মামুনের তোপের মুখে পড়েন। বিশ্ববিদ্যালয় শাখা কিংবা হল ইউনিটের কোনো পদ না থাকলেও তিনজনই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। তাঁরা মুজাহিদদের কাছে জানতে চান তাঁরা কীভাবে এখানে ঢুকলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে ওই হল ইউনিটের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এসে উদীচী নেতা-কর্মীদের পেটাতে থাকেন। তাঁর সঙ্গে প্রথম বর্ষের ওই শিক্ষার্থীরাও যোগ দেন।
মারধরের কথা স্বীকার করে ছাত্রলীগের ওই তিন কর্মী বলেন, অকথ্য ভাষায় গালাগাল করায় তাঁরা এমনটা করতে বাধ্য হন। তবে হুমায়ুন কবির মারধরের কথা অস্বীকার করে বলেন, ‘আমি গিয়ে মীমাংসা করে দিই।’
আল মুজাহিদ বলেন, ‘অর্থ সংগ্রহের জন্য আমরা ওখানে গিয়েছিলাম। কাউকে গালাগাল করিনি।’
এ বিষয়ে নাজমুল আহসান হলের ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতা ফারুক হোসেন বলেন, বিষয়টি রাতেই মীমাংসা হয়ে গেছে। জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর মুহাম্মদ মহির উদ্দীনও মীমাংসার কথা জানান।