
রাজশাহীর রেলওয়ে প্ল্যাটফর্মে যুবকের মোটরসাইকেল চালানোর সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে ‘অভিযোগপত্র’ দেওয়া হয়েছে। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর রেওয়াজ অনুযায়ী গতকাল মঙ্গলবার এ অভিযোগপত্র দেওয়া হয়।
এ দুই নিরাপত্তা সদস্য হলেন নায়েক ফজলুর রহমান ও সিপাহি আসাদুজ্জামান। ঘটনার দিন তাঁরা রাজশাহী রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালন করছিলেন।
গত রোববারনায়েক ফজলুর রহমান ও সিপাহি আসাদুজ্জামানের সামনে দিয়ে এক যুবক প্ল্যাটফর্মে মোটরসাইকেল দাবড়ে বেড়ান। এ ঘটনায় পরদিন প্রথম আলোয় ‘মোটরসাইকেলে প্ল্যাটফর্ম দাবড়ে বেড়ালেন’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এ নিয়ে ওই দিন দুপুরে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে রাজশাহী সদর দপ্তরে ডেকে নিয়ে ঘটনার ব্যাপারে দুজনের লিখিত বিবৃতি নেওয়া হয়। কিন্তু ওই বিবৃতি সন্তোষজনক না হওয়ায় তাঁদের অভিযোগপত্র দেওয়া হলো।
অভিযোগপত্রে লেখা হয়েছে, মোটরসাইকেল আরোহীকে দুই নিরাপত্তা সদস্য প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন, যা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা ও আপিল নীতিমালা, ২০০৪-এর উপধারা ‘অ’-এর পরিপন্থী। এই অপরাধের জন্য কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সাত দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে।
সিপাহি আসাদুজ্জামান বলেন, তিনি গতকাল বিকেলে দায়িত্ব পালন করতে এসে অভিযোগপত্র পেয়েছেন। তিনি বলেন, স্টেশন ভবনের সম্পদের নিরাপত্তা রক্ষা করা তাঁর দায়িত্ব। তিনি ওই যুবককে প্রতিরোধের চেষ্টা করেছেন। কিন্তু তিনি (যুবক) তাঁর ওপর চড়াও হয়ে বের হয়ে যান।
এ বিষয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর পরিদর্শক আরিফ হোসেন বলেন, দুই নিরাপত্তা সদস্য মোটরসাইকেল আরোহীকে ঠেকানোর কোনো চেষ্টাই করেননি। রেওয়াজ অনুযায়ী তাঁদের রাজশাহী সদর দপ্তর থেকে ‘অভিযোগপত্র’ দেওয়া হয়েছে। এতে প্রাথমিকভাবে তাঁদের কাছে কেন ওই যুবককে ঠেকাতে ব্যর্থ হয়েছেন, তার জবাব চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
এই যুবকের নাম মেহেদী। তাঁর বাড়ি রাজশাহী শহরের শিরোইল এলাকায়। তিনি রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) আত্মীয় পরিচয় দিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের কর্মচারী ও কর্মকর্তাদের ওপর অনৈতিক প্রভাব খাটান বলে অভিযোগ রয়েছে। এর আগে গত ২৫ আগস্ট গার্ড ব্রেকে তাঁর মাল না নেওয়ায় চলন্ত ট্রেনেই গার্ডকে বরখাস্ত করান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের একজন কর্মচারী বলেন, বর্তমান পরিস্থিতিতে তাঁরা উভয় সংকটে পড়েছেন। বিধি অনুযায়ী কাজ করার জন্য গার্ডকে বরখাস্ত করা হলো। আবার বিধি না মানায় দুই নিরাপত্তা বাহিনীর সদস্যকে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তাঁরা এখন বুঝে উঠতে পারছেন না, কোন দিকে যাবেন। তিনি বলেন, যিনি মোটরসাইকেল চালিয়ে আইন অমান্য করলেন, তাঁর বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। অথচ কর্তৃপক্ষ তা না করে ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপাচ্ছেন।