উদ্দীপনার টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ছালেহা জহুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের উদ্দীপনা পুরস্কারের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা গতকাল শনিবার প্রধান শিক্ষককে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, ২০১৪ সালে ভান্ডারবাড়ী ছালেহা জহুরা উচ্চবিদ্যালয় থেকে ৪৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে। এর মধ্যে দরিদ্র মেধাবীর তালিকায় শিক্ষা মন্ত্রণালয় থেকে ২৩ জন শিক্ষার্থীকে ১ হাজার ৫০০ টাকা করে উদ্দীপনা পুরস্কার হিসেবে এককালীন ৩৪ হাজার ৫০০ টাকা দেওয়া হয়। এই টাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী সিদ্দিকি বৃহস্পতিবার সকালে অগ্রণী ব্যাংক ধুনট শাখা থেকে উত্তোলন করেন। পরে তিনি এই টাকা বিতরণের সময় ২২ জন শিক্ষার্থীর কাছ থেকে ৫০ টাকা করে নেন এবং আনোয়ারুল হক নামে এক শিক্ষার্থী সেখানে উপস্থিত না থাকায় তাঁর ১ হাজার ৫০০ টাকা কর্তন করেন। বিষয়টি জানতে পেরে আনোয়ারুল হকের মা ছালেকা খাতুন টাকা চাইতে গেলে প্রধান শিক্ষক তাঁকে টাকা না দিয়ে গালিগালাজ করে তাড়িয়ে দেন। এ ঘটনার পর অর্ধ শতাধিক শিক্ষার্থী-অভিভাবক গতকাল সকালে বিদ্যালয়ে গিয়ে বিষয়টি জানতে চাইলে প্রধান শিক্ষকের সঙ্গে তাঁদেরও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা প্রধান শিক্ষককে অফিস কক্ষে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন। বিদ্যালয়ের ব্যবস্থানপনা কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
ছালেকা খাতুন বলেন, ‘আমরা লদী ভাঙ্গা এলাহার মানুষ। টেহাপয়সা নাই। তাই পোলাডা ঢাকায় কাম কইরা পড়ালেকা করতাইছে। পোলাডা বাড়ীত না থাকায় মাষ্টার সব টেহা তুইলা নিছে। টেহা চাইবার গেলাম আর আমারে টেহা না দিয়া গালিগালাজ কইরা তাইড়া দিছে। পরে ৮০০ টেহ আমারে দিতে চাইছিল। আমি তা নেই নাই।’
অভিভাবক জাহিদ হাসান জানান, কাউকে তোয়াক্কা না করে প্রধান শিক্ষক তাঁর ইচ্ছামতো বিদ্যালয় পরিচালনা করেন। এর আগেও তাঁর বিরুদ্ধে অনেক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। পরে কমিটির কাছে ক্ষমা চেয়ে পার পেয়ে যান।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল বারী বলেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকি বলেন, ‘শিক্ষার্থীরা ইচ্ছে করে জনপ্রতি ৫০ টাকা করে দিয়েছে। অন্য শিক্ষকদের কথামতো এই টাকা নেওয়া হয়। এখন এই পরিস্থিতি দেখে সবাই ঘটনার জন্য আমাকে একাই দায়ী করছেন। এ কারণে আমি ব্যবস্থাপনা কমিটির কাছে ক্ষমাপ্রার্থী।’