উদ্ধার অভিযান নিয়ে বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার খাটিয়ামারির চরে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ আছেন—ফোনে পাওয়া এ খবরটি মিথ্যা ছিল। পুলিশ জানিয়েছে, এক লোক চট্টগ্রামে বসে পুলিশকে ফোন করে খবরটি দিয়েছিলেন। ভুয়া তথ্যদাতাকে পুলিশ খুঁজছে বলে দাবি করা হয়েছে।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারির চরে অসুস্থ অবস্থায় সালাহ উদ্দিন আহমদ পড়ে আছেন—এ খবর পেয়ে জেলা পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়ে তাঁকে উদ্ধারে অভিযান চালায়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। এর আগে ২০১২ সালের ১৬ এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে গাড়িচালকসহ ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর ২১ এপ্রিল রাতে রাজধানীর অদূরে গাজীপুরের পুবাইল এলাকায় অভিযান চালায় র্যাব-পুলিশ। অভিযানের খবর বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়। তবে সেই ইলিয়াস নিখোঁজই রয়ে গেছেন। গাইবান্ধার অভিযান লোক দেখানো কি না, সন্দেহ সালাহ উদ্দিনের পরিবারের।
সেই অভিযান: গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেনের নেতৃত্বে ২৫ সদস্যের পুলিশের দল রাত আটটায় ফুলছড়ি থানায় পৌঁছায়। ব্রহ্মপুত্র নদে পানি না থাকায় মোটরসাইকেল নিয়ে দলটি ফুলছড়ি থেকে রাত নয়টায় খাটিয়ামারি চরে পৌঁছায়। উদ্ধার অভিযানে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমলচন্দ্র সাহার নেতৃত্বে অক্সিজেন, জরুরি ওষুধপত্রসহ তিন সদস্যের একটি চিকিৎসক দল অ্যাম্বুলেন্স নিয়ে রাত আটটায় ফুলছড়ির বালাসীঘাটে যায়। দলটি সেখানে অপেক্ষা করতে থাকে।
পুলিশের দলটি ব্যাপক খোঁজাখুঁজির পরও সালাহ উদ্দিনকে পায়নি। অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, খাটিয়ামারির চরে খোঁজার পর না পাওয়ায় সেই তথ্যদাতাকে ফোন করা হয়। তখন তথ্যদাতা জানান, তিনি পার্শ্ববর্তী জিগাবাড়ির চরে আছেন। তিনি সেখানে পুলিশকে যেতে বলেন। জিগাবাড়ি চরে গিয়েও খোঁজাখুঁজি করে সালাহ উদ্দিন বা তথ্যদাতা কাউকে পাওয়া যায়নি। এরপর তথ্যদাতার ওই নম্বরে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালানোর পর উদ্ধারকারী দলটি শহরে ফিরে আসে বলে দাবি করা হয়।
পুলিশ জানায়, তথ্যদাতার ফোনটি কোথায় আছে, তা শনাক্ত করে দেখা যায় চট্টগ্রামের হালিশহর থেকে ওই ফোনটি করা হয়েছিল।এখন ওই ভুয়া তথ্যদাতাকে গ্রেপ্তারের জন্য চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ অভিযান চালাচ্ছে বলে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার জানান।
কাকে ফোন করেছিলেন তথ্যদাতা: গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার এক ব্যক্তি উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে বলেন, সালাহ উদ্দিন আহমদ ফুলছড়িতে রয়েছেন। পরে উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) গাইবান্ধার পুলিশ সুপারকে বিষয়টি জানালে রাতেই পুলিশ জেলার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারির চরে অভিযান চালায়।
উত্তরা বিভাগের উপকমিশনার ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, উত্তরা পশ্চিম থানার ওসির মোবাইলে কেউ একজন ফোন করে সালাহ উদ্দিন আহমদের তথ্য দেন।
ওই ব্যক্তি কী বলেছিলেন—জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘আমকে তো কেউ ফোন করেনি।’ এ বিষয়ে উত্তরা বিভাগের উপকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি তো জেনেছিলাম, পশ্চিম থানার ওসিকে ফোন করেছিলেন ওই ব্যক্তি।’
এ রকম নিষ্ফল অভিযান সালাহ উদ্দিন আহমদের পরিবারকে আরও হতাশ করেছে। তাঁর স্ত্রী হাসিনা আহমদ প্রথম আলোকে বলেন, ‘কে খবর দিল, কেন খবর দিল, এই অভিযান কেন হলো, কীভাবে হলো, আপনারা পুলিশকে জিজ্ঞেস করেন। এ ধরনের অভিযান আমাদের আরও হতাশ করেছে, কষ্ট বাড়িয়েছে। ছেলেমেয়েরা সারা রাত কেঁদেছে।’