উদ্ধার করা লাশ এমভি কর্ণফুলীর মাস্টারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা থেকে উদ্ধার করা লাশটি এমভি কর্ণফুলীর নিখোঁজ মাস্টার শেখ এনামুল হোসেনের বলে পুলিশ আজ বৃহস্পতিবার সকালে জানিয়েছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মনপুরা উপজেলার দক্ষিণ সাকোতিয়া এলাকার মেঘনা নদীর চর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। আজ ভোরে লাশটি লক্ষ্মীপুরের কমলনগর থানায় আনা হয়। সেখানে এনামুলের পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গত রোববার রাতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সেন্টার খাল মাছঘাটের অদূরে মেঘনা নদী থেকে পুলিশ এমভি কর্ণফুলী-৫-এর নিখোঁজ চালক নূর নেওয়াজের লাশ উদ্ধার করে। জাহাজের চার্টার মালিক (ভাড়াটে মালিক) আবদুস সালাম জাহিদ লাশটি নূর নেওয়াজের বলে শনাক্ত করেন।

ওসি হুমায়ূন কবির আরও জানান, এমভি কর্ণফুলীর নিখোঁজ সাতজনের মধ্যে এ পর্যন্ত দুজনের লাশ পাওয়া গেছে। আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। তিনি জানান, এমভি কর্ণফুলীর ঘটনায় দায়ের করা মামলায় জাহাজের গ্রিজার পারভেজ আদালতে বলেছেন, জাহাজের লস্কর টিটু, শামীম, বাবুর্চি (অজ্ঞাতনামা) ও টিটুর অতিথি (অজ্ঞাতনামা) জাহাজের মাস্টার, চালক ও সুকানিকে মারধর করেন। এর মধ্যে মাস্টার ও চালকের লাশ উদ্ধার করা হয়েছে, সুকানি শাফিনুর রহমান শাকিল নিখোঁজ রয়েছেন। আর লস্কর টিটু, শামীম, বাবুর্চি (অজ্ঞাতনামা) ও টিটুর অতিথি (অজ্ঞাতনামা) পলাতক রয়েছেন।


এমভি কর্ণফুলী-৫ নামের লাইটার জাহাজটি গত শুক্রবার ভোর ছয়টায় চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ৭২০ মেট্রিক টন সার বোঝাই করে সিরাজগঞ্জের বাঘাবাড়ীর উদ্দেশে ছেড়ে যায়। শনিবার সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাতিরখাল মাছঘাট এলাকায় পুলিশ পরিত্যক্ত অবস্থায় জাহাজটি আটক করে এবং জাহাজের কেবিনে অবরুদ্ধ অবস্থায় দুই লস্কর মাহবুব ও জাহিদুলকে উদ্ধার করে। কমলনগরের ডিএস ফলকন এলাকা থেকে জাহাজের গ্রিজার পারভেজকে পুলিশ আটক করে। জাহাজের বোঝাই করা সার ও অন্যান্য মালামাল অক্ষত অবস্থায় পাওয়া যায়। তবে জাহাজের ডেকের ওপর বিভিন্ন স্থানে রক্তের দাগ ছিল।

এ ঘটনায় জাহাজের চার্টার মালিক আবদুস সালাম জাহিদ শনিবার রাতে কমলনগর থানায় মামলা করেন।