উদ্ধার হওয়া ফেনসিডিল বাইরে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনসিডিল উদ্ধার করে মামলার এজাহারে কম দেখিয়ে তা বাইরে বিক্রির অভিযোগে এক পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
অভিযুক্ত পুলিশ হলেন উপসহকারী পরিদর্শক (এএসআই) জামাল হোসেন। তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার জামাল হোসেনকে প্রত্যাহার করে নেওয়া হয়।
বিষয়টির সত্যতা স্বীকার করে হাইওয়ে পুলিশ পূর্বাঞ্চলের (কুমিল্লা অঞ্চল) পুলিশ সুপার রেজাউল করিম গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অভিযোগ ওঠায় জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জামাল হোসেনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তদন্তে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড়ের পশ্চিম পাশে একটি সিএনজিচালিত অটোরিকশায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ মানিক মিয়া ও মাহমুদ নামের দুজনকে গ্রেপ্তার করেন এএসআই জামাল হোসেন। কিন্তু থানায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করেন, ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে।
জামাল হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমি কারও কাছে ফেনসিডিল বিক্রি করিনি। যা উদ্ধার হয়েছে, তা-ই থানায় জমা দিয়েছি।’