উদ্ধার হলেও বাড়ি ফেরেননি মুজিবুরের গাড়িচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমানের সঙ্গে নিখোঁজ হন গাড়িচালক রেজাউল হক। গতকাল দুজনই গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার হন। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমানের সঙ্গে নিখোঁজ হন গাড়িচালক রেজাউল হক। গতকাল দুজনই গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার হন। ছবি: সংগৃহীত

নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর উদ্ধার হলেও আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত বাড়ি ফেরেননি যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমানের গাড়িচালক রেজাউল হক। পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি। খোঁজ না পেয়ে তাঁর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে।

গতকাল সোমবার মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক রেজাউল হক গাজীপুরের টঙ্গী এলাকা থেকে উদ্ধার হন।
রেজাউলের বাবা ওয়াহিদুল হক প্রথম আলোকে জানান, গতকাল রাত নয়টায় দিকে টেলিভিশনে মুজিবুর ও রেজাউলের খোঁজ পাওয়ার সংবাদ দেখেন তিনি। এরপর তিনি মুজিবুরের ভাতিজা আবুল হোসেনের কাছে ফোন করেন। তখন আবুল হোসেন তাঁকে জানান, রেজাউলকে সুনামগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে।যোগাযোগ করলে গাড়িচালক রেজাউলের বাবাকে মুজিবুরের শ্যালক আনোয়ার হোসেন জানান, রাতেই এক হাজার টাকা দিয়ে রেজাউলকে ঢাকা থেকে সুনামগঞ্জে যেতে বলা হয়েছে। একইভাবে আগে ঢাকায় অবস্থানরত মামলার তদন্ত কর্মকর্তা সুনামগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাইও জানান, রাত নয়টার দিকে রেজাউলকে সুনামগঞ্জে পাঠানো হয়। রেজাউলের বাবা জানান, আজ বেলা দুইটা পর্যন্ত রেজাউল বাড়ি ফেরেননি। এখন পুলিশ তাঁকে ধৈর্য ধরতে বলছে। তাঁর বাড়িতে গতকাল রাত থেকে সাদা পোশাকে পুলিশ অবস্থান করছে। বেলা একটার দিকে যোগাযোগ করা হলে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, পুলিশও গাড়িচালক রেজাউলকে খুঁজছে। সোমবার রাতে বলা হয়েছিল মুজিবুর ও তাঁর গাড়িচালকের সন্ধান পাওয়া গেছে। এখন চালককে পাওয়া যাচ্ছে না কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের মুজিবুর রহমানই বলেছিলেন, তাঁর সঙ্গে গাড়িচালক ছিল। এক হাজার টাকা দিয়ে তাঁকে সুনামগঞ্জ চলে যেতে বলা হয়। কিন্তু এখনো কেন সে বাড়ি ফেরেনি, এটাই আমরা দেখছি।’

৪ মে দেশে ‘হত্যা-গুম’-এর প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির এক সমাবেশে যোগদান শেষে সিলেটে যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান এবং তাঁর গাড়িচালক রেজাউল হক নিখোঁজ হন।