কলেজে যাওয়ার পথে দুই সপ্তাহ আগে কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা—এমন অভিযোগ এনে মেয়েটির বাবা মামলা করেছেন। তবে মেয়েটি এখনো উদ্ধার হয়নি। ঘটনাটি নোয়াখালীর বেগমগঞ্জের।
এ ঘটনায় স্থানীয় সাংসদ মামুনুর রশীদ কিরণ আসামিদের সঙ্গে সমঝোতা করতে মেয়ের বাবাকে চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আর পুলিশ বলছে, তারা অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে পাচ্ছে না।
মেয়ের (১৬) পরিবারের ভাষ্য, ১৫ জুলাই ওই কিশোরী তার ছোট ভাইকে নিয়ে কলেজে যাচ্ছিল। পথে অপহরণকারীরা ভাইয়ের চোখ বেঁধে মারধর করে তাকে একটি ডোবায় ফেলে দেয়। এরপর কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় কিশোরীর বাবা ওই দিনই বেগমগঞ্জ মডেল থানায় স্থানীয় মো. আশিক ও তাঁর মা–বাবাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। খোঁজ নিয়ে জানা যায়, আশিক সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তিনি এলাকায় ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং স্থানীয় সাংসদ মামুনুর রশীদের অনুসারী হিসেবে পরিচিত। তাঁর চাচাতো ভাই উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
ঘটনার বর্ণনা দিয়ে কিশোরীর ছোট ভাই প্রথম আলোকে বলে, তারা দুই ভাইবোন এক কলেজে পড়ে। প্রায়ই একসঙ্গে কলেজে যাওয়া-আসা করে। ওই দিনও দুজন একসঙ্গে বেরিয়েছিল। একটি কালভার্টের ঠিক আগে তিনটা ছেলে তাদের পথরোধ করে। এর পরপরই গামছা দিয়ে তারা তার চোখমুখ বেঁধে ফেলে। সে ধস্তাধস্তি করলে তাকে মারধর করে কালভার্টের ওপর থেকে নিচে ফেলে দেয়। এরপর তার বোনকে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে নিয়ে যায় তারা।
ভাইটি বলে, জায়গাটি একটু নির্জন, আশপাশে কেউ ছিল না। তারা দুজনই তখন চিৎকার করছিল। কিন্তু কেউ আসেনি।
কিশোরীর বাবা প্রথম আলোকে বলেন, আশিক বেশ কিছুদিন ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছিলেন। এ কারণে বেশ কয়েক দিন তাঁর মেয়ে কলেজে যায়নি। আশিকের পরিবারকে বিষয়টি জানানোর পর ‘আশিক আর কোনো ঝামেলা করবে না’—এমন নিশ্চয়তা দেওয়ার পর তিনি মেয়েকে কলেজে পাঠানো শুরু করেন। ওই দিনের ঘটনার পর থেকে আশিক বা তাঁর পরিবারের কাউকে আর এলাকায় পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
মেয়েটির বাবা আরও বলেন, মামলা করার তিন দিনের মাথায় স্থানীয় সাংসদ তাঁকে ফোন করে ঢাকায় যেতে বলেন, সমঝোতায় আসার কথা বলেন। কিন্তু তিনি তাতে রাজি হননি।
মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, মেয়েটা আশিকের কাছে, এটা তাঁরা নিশ্চিত হতে পেরেছেন। তবে সে স্বেচ্ছায় গেছে, নাকি তাকে অপহরণ করা হয়েছে—সে বিষয়টিই তাঁরা নিশ্চিত হতে পারেননি। আশিকের খোঁজে তাঁরা বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়েও তাঁকে পাননি। জাহাঙ্গীর আলম আরও বলেন, এ ঘটনায় মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে। চালক কখনো বলছেন, মেয়েটি স্বেচ্ছায় গেছে। আবার কখনো বলছেন, মেয়েটির ভাইকে মেরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। চালকের এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
জানতে চাইলে সাংসদ মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, আশিক একটা মেয়েকে নিয়ে চলে গেছে। মেয়ের বাবা তাঁর বাড়িতে এসেছিলেন। তিনি তাঁকে সমঝোতায় বসার কথা বলেছিলেন। কিন্তু তিনি রাজি হননি। মেয়েটিকে খুঁজে বের না করে অপহরণকারীর সঙ্গে সমঝোতার কথা বলছেন, তাহলে কী ছেলেটা কোথায় আছে আপনি জানেন—এমন প্রশ্নের জবাবে সাংসদ বলেন, দুই পরিবারকে নিয়ে বসে সমঝোতার কথা তিনি বলেছেন। ছেলে কোথায় আছে তিনি জানেন না। কথা বলার একপর্যায়ে তিনি হঠাৎ ফোন কেটে দেন।