কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের আনসার ক্যাম্পের কমান্ডারকে হত্যা ও অস্ত্র লুটের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার করা যায়নি অস্ত্র ও গুলি।
আনসার ক্যাম্পের কমান্ডার আলী হোসেনের লাশ গতকাল সকালে তাঁর নিজ এলাকা টাঙ্গাইলের সখীপুরে দাফন করা হয়েছে। উপজেলার কেন্দ্রীয় গোরস্তানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।
গতকাল বিকেলে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, অস্ত্র উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। অভিযানে প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করা হবে।
পরে মেজর জেনারেল মিজানুর রহমান খান নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের কাছে বিজিবির একটি চৌকিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন আনসারের উপপরিচালক এ এস এম আজম উদ্দিন, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার রিদুয়ান জোবায়ের, বিজিবির কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল মো. তানভির আলম খান, ২৯ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক লে. তানজিনা বিনতে এরশাদ, ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সহকারী সচিব (নয়াপাড়া শরণার্থীশিবিরের ইনচার্জ) সাইদুল ইসলাম প্রমুখ।
গত বৃহস্পতিবার আনসার ক্যাম্পে দুর্বৃত্তরা হামলা চালায়। তারা ক্যাম্পের কমান্ডারকে গুলি করে ১১টি অস্ত্র ও ৬৭০টি গুলি লুট করে পালিয়ে যায়।