উদ্ধার হয়নি চুরি যাওয়া নবজাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দিনেও উদ্ধার করা যায়নি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক। এ ঘটনায় আটক দম্পতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে হাসপাতালের ৩৪ নম্বর প্রসবোত্তর ওয়ার্ড থেকে ১৪ দিন বয়সী এক নবজাতক চুরি যায়। সে রাউজানের কদলপুরের শফিউল আলম ও জেসমিন আক্তারের ছেলে।
এ ঘটনার পর র্যা ব হাসপাতালের নিরাপত্তাকর্মী সুজন দত্ত ও তাঁর স্ত্রী রীনা দেকে আটক করে। পরে তাঁদের পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, আটক দম্পতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড শুনানি এখনো হয়নি। তিনি বলেন, নবজাতককে উদ্ধারে চেষ্টা করে যাচ্ছে পুলিশ।
সন্তানের জন্য কেঁদে বুক ভাসাচ্ছেন জেসমিন আক্তার। তিনি হাসপাতালের ৩৪ নম্বর ওয়ার্ডে এখনো চিকিৎসাধীন। অস্ত্রোপচারের মাধ্যমে ২ জুলাই তিনি ছেলেসন্তান প্রসব করেন। সংক্রমণের কারণে তাঁকে দীর্ঘ চিকিৎসা নিতে হচ্ছে।
জেসমিনের স্বামী শফিউল আলম বলেন, ‘আমার ছেলেকে এখনো পাইনি। আমার স্ত্রী শুধু কাঁদছে। প্রশাসন আশ্বাস দিচ্ছে। জানি না কী হবে?’