উদ্ধারের পর মামাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের একটি উপজেলার খাদ্য বিভাগের নারী কর্মচারী অপহরণের ঘটনায় রোববার দুপুরে নগরের বাকলিয়া থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ আনা হয়েছে। অপহরণ ও ধর্ষণে জড়িত একজন তাঁর মামাতো ভাই।
ওই নারী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে নগরের চান্দগাঁওয়ের বাসায় ফেরার পথে নগরের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে ওই নারীকে অপহরণ করা হয়। অপহরণের দুই দিন আগে তাঁর মামাতো ভাইদের সঙ্গে গ্রামের বাড়ি আনোরায় জমিসংক্রান্ত বিরোধ নিয়ে বাগ্বিতণ্ডা হয় বলে অভিযোগ করা রয়েছে। শুক্রবার রাতে রাঙ্গুনিয়ায় একটি রাস্তার পাশ থেকে তাঁকে উদ্ধার করা হয়।
মামলাটি করেছে অপহরণের শিকার নারীর ছোট ভাই। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। মামলার এক নম্বর আসামি মিফতাউল আলম (২৫) ওই নারীর মামাতো ভাই। অন্য তিন আসামি হলেন ইফতেখার পন্নী (২৬), সজীব (২৫) ও ইব্রাহিম (৩৫)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনছুর বলেন, মামলায় অপহরণ, মুক্তিপণ ও গণধর্ষণের অভিযোগ আনা হয়েছে। বাকলিয়া থেকে অপহরণ করে রাঙ্গুনিয়ায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।
ওই নারী গতকাল হাসপাতালে প্রথম আলোকে বলেন, বুধবার সন্ধ্যায় কল্পলোক আবাসিক এলাকায় তাঁকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি পৌঁছানোর পর একটি মাইক্রোবাস অটোরিকশার গতিরোধ করে। চার-পাঁচজন যুবক তাঁকে অস্ত্রের ভয় দেখিয়ে মুখ চেপে ধরে মাইক্রোতে তুলে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে একটি ঘরের মধ্যে ছয়-সাতজন যুবক তাঁর ওপর নির্যাতন চালায়। পরে ওই ঘরে তাঁকে আরও দুই দিন রাখা হয় এবং তাঁরা নির্যাতন করে। ওই যুবকদের মধ্যে চারজনকে তিনি চিনতে পেরেছেন। তাঁদের একজন তাঁর মামাতো ভাই।
চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়কারী মাহরুফা নিগার বলেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন। মামলা হলে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষাগুলো করা হবে।
বুধবার ওই নারী নিখোঁজ হওয়ার পরদিন বৃহস্পতিবার পটিয়া থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অপহরণ করার পর ওই নারীর মুঠোফোন নম্বর থেকে তাঁর ভাই ও স্বজনদের কাছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জিডিতে উল্লেখ করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, ওই নারীর সঙ্গে তাঁর মামাদের জমিজমাসংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা করেছে। এ ছাড়া ওই নারী একটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামিও।