রাজধানীতে এসে অপহৃত হয়েছিলেন রাজবাড়ীর কালুখালি থানার কালীনগর গ্রামের মাদ্রাসা শিক্ষক রফিকুল ইসলাম। গত ১৭ জানুয়ারি সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকার একটি বাসা থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে। এরপর ২০ দিন পার হলেও পুলিশ মামলা নেয়নি।
মামলা লিপিবদ্ধ না করা প্রসঙ্গে সাভার থানার ওসি মো. কামরুজ্জামান গত বুধবার প্রথম আলোকে বলেন, প্রথমে রফিক মামলা করতে চাননি। পরে তাঁর কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রফিকুল ইসলাম বলেন, পারিবারিক ও মাদ্রাসার কাজে ১৪ জানুয়ারি তিনি রাজধানীতে এসেছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে ১৫ জানুয়ারি সকালে গাবতলীতে একই এলাকার গোলাম সারোয়ার জিহাদ ও শহীদুল ইসলাম নামের দুই ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়। তাঁরা কৌশলে তাঁকে সাভার নিয়ে বিনোদবাইদ এলাকার ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে আটকে রেখে তাঁর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি পাশের ফ্ল্যাটের লোকজন টের পেয়ে সাভার মডেল থানাকে জানায়। ১৭ জানুয়ারি এসআই মিজানুর রহমান ওই ফ্ল্যাট থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই সরে পড়েন জিহাদ ও শহীদুল।
রফিক বলেন, উদ্ধারের পর তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে চাইলে ওসির অনুপস্থিতির অজুহাতে পুলিশ ওই দিন মামলা নেয়নি। পরে বিষয়টি তাঁর এলাকার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হাশেমকে জানান। আবু হাশেম ওই রাতেই (১৭ জানুয়ারি) সাভার মডেল থানায় চলে আসেন। পরে মামলা নেওয়ার আশ্বাস দিয়ে পুলিশ তাঁদের কাছ থেকে সাদা কাগজে সই নিয়ে বিদায় করে দেয়। এরপর তিনি কয়েকবার সাভার মডেল থানায় গিয়েও মামলা লিপিবদ্ধ করাতে পারেননি।
আবু হাশেম বলেন, একাধিকবার চেষ্টা করেও মামলা রেকর্ড করাতে ব্যর্থ হয়ে তিনি বিষয়টি র্যা ব-৬-এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক রফিকুল ইসলামকে জানান। ওই কর্মকর্তা বলার পরেও গত ২০ দিনে মামলা রেকর্ড করা হয়নি। বুধবার র্যা ব-৬-এর অধিনায়ক রফিকুল ইসলাম বলেন, ‘আমি নিজেও ওসিকে মামলা নিতে অনুরোধ করেছি।’
ওসি কামরুজ্জামান বুধবার বলেন, রফিক প্রথমে মামলা করতে না চাইলেও পরে লিখিত অভিযোগ দেন। তা তদন্ত করে এসআই মিজানুর রহমানকে ব্যবস্থা নিতে বলা হয়েছিল।
বুধবার পর্যন্ত এসআই মিজানুর রহমান কেন ব্যবস্থা নেননি, জানতে চাওয়া হয়। এরপর ওসি কামরুজ্জামান ওই কর্মকর্তাকে আসামিদের গ্রেপ্তার করে মামলা লিপিবদ্ধ করার নির্দেশ দেন।
কয়েক ঘণ্টা পর এসআই মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।