উদ্বোধনের আগের দিন ভাস্কর্য উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব প্রস্তুতি সম্পন্ন। আজ শুক্রবারই ঠিক ছিল উদ্বোধনের দিনক্ষণ। কিন্তু আগের রাতে সরিয়ে ফেলা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভাস্কর্য। বাতিল হয়েছে উদ্বোধনের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্ধারিত সফরও।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের প্রবেশমুখে (সাইনবোর্ড মোড়) ভাস্কর্যটি তৈরি করা হয়েছিল। এর উদ্যোক্তা আওয়ামী লীগের স্থানীয় সাংসদ শামীম ওসমান।
সাংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জের প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের কর্মীদের পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার এক ঐতিহাসিক মুহূর্তের স্থিরচিত্র অবলম্বনে তৈরি এ ভাস্কর্যের মোড়ক উন্মোচন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী ওবায়দুল কাদেরের যে সফরসূচি জেলার বিভিন্ন কর্মকর্তার কাছে পাঠানো হয়, তাতে ৬ মে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে যোগদানের কথা লেখা আছে।
কিন্তু ‘অনিবার্য কারণবশত’ ওবায়দুল কাদেরের আজকের সফর বাতিল করা হয়েছে বলে মন্ত্রীর দপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল সন্ধ্যায় জানান। জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল দুপুরে সাইনবোর্ড মোড়ে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ভাস্কর্যটি সরিয়ে স্থানটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। স্থানীয় কয়েকজন বলেন, বুধবার দিবাগত রাত তিনটার দিকে ক্রেন ও রেকার নিয়ে কিছু লোক এখানে আসেন। টহল পুলিশের সামনেই তাঁরা উদ্বোধনের অপেক্ষায় থাকা ভাস্কর্যটি খুলে ট্রাকে তুলে নিয়ে যান।
ভাস্কর্যটির সার্বিক তত্ত্বাবধানে থাকা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম সাংবাদিকদের বলেন, শামীম ওসমানের উদ্যোগেই ভাস্কর্যটি নির্মিত হয়। তবে স্থাপনের সময় তাতে কিছু ত্রুটি ধরা পড়ায় সেটি সরিয়ে ফেলা হয়েছে। ত্রুটিবিচ্যুতি সংশোধন করে এক মাসের মধ্যে সেটি যথাস্থানে সংযোজন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
তবে সরকারের একটি গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমোদন ছাড়াই বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধনের কর্মসূচি দেওয়া হয়। এ ছাড়া ওই স্থানটি ভাস্কর্যের জন্য যথোপযুক্ত নয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের প্রবেশমুখের মাঝখানে ত্রিভুজাকৃতির সড়ক বিভাজকের ওপর ভাস্কর্যটি স্থাপন করা হয়। যানবাহন চালকেরা রাতে ভাস্কর্যের ফোয়ারা ও আলোকসজ্জার দিকে আকস্মিক তাকালে দুর্ঘটনা ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।