উদ্বোধনের পর ভবন তালাবদ্ধ ১৫ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনের পর থেকে টানা প্রায় ১৫ মাস ধরে তালাবদ্ধ রয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দোতলা একাডেমিক ভবন। অথচ বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকটে বসার আসন না পেয়ে প্রতিদিনই বেশ কিছুসংখ্যক শিক্ষার্থীকে ফিরে যেতে হচ্ছে বাড়িতে। সন্তানদের এমন ভোগান্তিতে বিরক্ত অভিভাবকেরা।
স্থানীয় সূত্র জানায়, ২০১৩ সালের ১৬ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়ের নতুন দোতলা ভবন উদ্বোধন করেন তৎকালীন সাংসদ শফিকুর রহমান চৌধুরী। কিন্তু উদ্বোধনের পর থেকে ভবনের গেটে তালা ঝুলিয়ে রেখেছেন ভবন নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স লোকমান ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের’ স্বত্বাধিকারী জসিম উদ্দিন।
বিদ্যালয় সূত্র জানায়, এখানে বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী রয়েছে। শ্রেণিকক্ষ তিনটি। এগুলোতেই গাদাগাদি করে বসিয়ে চলে পাঠদান। এতে অনেক শিক্ষার্থীই বসার জায়গা পায় না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে একসময় তারা বাড়ি ফিরে যায়।
সূত্র আরও জানায়, নতুন একাডেমিক ভবনে পর্যাপ্তসংখ্যক ডেস্ক-বেঞ্চ, বৈদ্যুতিক পাখা ও বোর্ড রয়েছে। এ ছাড়া বিদ্যালয়ে সাইনবোর্ড ও ছোটখাটো কিছু কাজ এখনো বাকি। তবে ভবনটির কক্ষগুলো শিক্ষার্থীদের পাঠদানে ব্যবহৃত হতে পারে। কিন্তু গেটে তালা থাকায় নতুন ভবনটি কাজে আসছে না।
প্রায় দিনই বিদ্যালয়ে বসার আসন না পেয়ে সন্তান বাড়িতে ফেরায় বিরক্ত হচ্ছেন অনেক অভিভাবক। শিক্ষার্থীদের অভিভাবক শামীমুর রহমান, আরশ আলী, সুন্দর আলী, আবুল হোসেন, আপ্তাব আলী, শামীম আহমদ বলেন, ১৫ মাস ধরে যদি ভবনে তালাই থাকবে, তাহলে সেটা বানানো তো অর্থহীন।
প্রধান শিক্ষক আবুল হোসাইন হেলালী বলেন, শ্রেণিকক্ষের সংকটে প্রতিদিনই বসার জায়গা না পেয়ে অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে যাচ্ছে। বারবার কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও লাভ হচ্ছে না।
এলজিইডির প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, উদ্বোধন হলেও এখনো কিছু কাজ বাকি। শিগগিরই সেগুলো শেষ করে ভবনটি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
তবে এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জসিম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।