উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের জগদীশপুর শাহপাড়ায় গলা কেটে হত্যাচেষ্টার শিকার গৃহবধূ নূরজাহানকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘ এক মাসেও অবস্থার উন্নতি না হওয়ায় গত রোববার তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান এ এম আল রব্বানী বলেন, নূরজাহানের গলায় ছুরি চালানোর ক্ষত রয়েছে। সে সময় তাঁর জরুরি অস্ত্রোপচার করা হয়। কিন্তু এক মাস চিকিৎসা করার পরও তিনি কথা বলতে পারছেন না। তাই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
গৃহবধূর চাচা আকবর আলী বলেন, ‘মেয়েটা কথাও কবার পায় না। খালি ফ্যালফ্যাল করি তাকায়ে থাকে।’
নূরজাহানের পারিবারিক সূত্রে জানা যায়, জেলার মিঠাপুকুর উপজেলার ভগতিপুর পানবাড়ি এলাকার শাহজাহানের সঙ্গে পাঁচ মাস আগে নূরজাহানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। এ অবস্থায় নূরজাহান তাঁর বাবার বাড়িতে চলে আসেন। ১১ নভেম্বর রাতে নূরজাহান ও তাঁর মা একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে নূরজাহান ঘরের বাইরে বের হলে দুর্বৃত্তরা তাঁর মুখ বেঁধে বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে মক্তবপুর এলাকায় নিয়ে যায়। সেখানে গলা কেটে তাঁকে ধানখেতে ফেলে রেখে যায়। সকাল সাতটার দিকে তাঁর মা ছবিলা খাতুন খবর পান, মক্তবপুর এলাকার ধানখেতে নূরজাহানকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তখন থেকে নূরজাহান কোনো কথা বলতে পারছেন না। তিনি লিখে ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন।
এ ঘটনায় নূরজাহানের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে তাঁর স্বামী শাহজাহানসহ আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ ১২ নভেম্বর শাহজাহানকে গ্রেপ্তার করে। তিনি এখন কারাগারে আছেন।