উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের ১৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। প্রকল্প দেখিয়ে ওই টাকা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী আত্মসাৎ করেছেন বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমানের সভাপতিত্বে ত্রৈমাসিক সাধারণ সভায় পরিষদের ভেতরে সড়ক মেরামতসহ উন্নয়নমূলক কাজের জন্য ছয়টি প্রকল্প নেওয়া হয়। এ ছাড়া পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ১২টি ইউনিয়নের জন্য ১২টি প্রকল্পের সিদ্ধান্ত হয়। প্রতি প্রকল্পের জন্য এক লাখ টাকা করে বরাদ্দ করা হয়। কাজ বাস্তবায়নের জন্য উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়।
অভিযোগ আছে, ছয়টি প্রকল্পের সব টাকা আত্মসাতের সঙ্গে সঙ্গে ১২টি প্রকল্পের ৩০ শতাংশ আত্মসাৎ করেছেন ওই তিনজন।
সম্প্রতি উপজেলা পরিষদ ও ছয়টি ইউনিয়নে কয়েকটি গ্রামে গিয়ে জানা যায়, উপজেলা পরিষদের ভেতরের ২০ মিটার সড়কের বাঁধ ও পরিষদের সভাকক্ষের জন্য একটি জেনারেটর ছাড়া আর কোনো কাজ করা হয়নি। ১২টি ইউনিয়নের মধ্যে পোড়াগাঁও ইউনিয়নে বরুঙ্গা হাসেমের বাড়ির পেছনে ছয় মাস আগে নির্মিত পাঁচ হাজার টাকায় ছোট্ট একটি সাঁকো এই প্রকল্পে দেখানো হয়েছে। নন্নী ইউনিয়নে পশ্চিমপাড়া এলাকার সড়কে মাটি ভরাট প্রকল্প দেখানো হয়েছে।
পশ্চিমপাড়ার কৃষক মো. আশরাফুলসহ কয়েকজন গ্রামবাসী জানান, তিন থেকে চার বছর ধরে এই সড়কে কোনো মাটি ফেলা হয়নি। রামচন্দ্রকুড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত তিনটি খালে ওপর যে সাঁকো দেখানো হয়েছে, সেখানে মূলত গত বছর এলাকার সাংসদ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর টিআরের টাকায় স্টিলের সাঁকো রয়েছে। নালিতাবাড়ী, মরিচপুরান ও কাকরকান্দি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সড়কের যে প্রকল্প দেখানো হয়েছে, সেখানে কোনো মাটি ফালানো হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে পোড়াগাঁও ইউনিয়নের একজন ইউপি সদস্য জানান, ‘আমাদের ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের কোনো কাজ করা হয়নি। শুনেছি, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও ঈদের আগে তাঁদের বোনাস দিয়েছে।’
ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আনছার আলী জানান, ‘আমার ইউনিয়ন যুগানিয়ায় সড়কে মাটি ভরাটের কাজ হয়েছে। অন্য ইউনিয়নের কথা বলতে পারব না।’
উপজেলা প্রকৌশলী আনোয়ার পারভেজ প্রকল্পের টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করে বলেন, ইউপি চেয়ারম্যানরা কাজ করার নিশ্চয়তা দিয়েছেন। তাই প্রকল্প অনুযায়ী টাকা দেওয়া হয়েছে। প্রকল্পের জন্য বাড়তি কোনো টাকা নেওয়া হয়নি। তবে পরিষদের ভেতরের কাজ এখনো চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লা প্রকল্পের টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘কিছু ইউনিয়নে কাজ
হয়েছে। আমি কয়েকটি ইউনিয়ন পরিদর্শন করেছি। বাকি ইউনিয়নে যাওয়া হয়নি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকল্পের টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করে বলেন, চেয়ারম্যানরা কাজ করার জন্য সভায় প্রতিশ্রুতি দিয়েছেন। কেউ কাজ না করে থাকলে তা দেখা হবে।