বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত বলেছেন, ‘উন্নয়ন বলতে শুধু মোট দেশজ উৎপাদন বৃদ্ধি অথবা যেকোনো পথে অর্থনীতির প্রবৃদ্ধির হার বৃদ্ধি বুঝলে ভুল হবে। কারণ, এসব বৃদ্ধি-প্রবৃদ্ধির হারের সাথে প্রকৃত দারিদ্র্য হ্রাসের সম্পর্ক নেই। অর্থনীতির বৃদ্ধি-প্রবৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে দারিদ্র্য উচ্ছেদ করে না; উল্টো অনেক ক্ষেত্রে ওই বৃদ্ধি-প্রবৃদ্ধি বৈষম্য-অসমতা বৃদ্ধি-প্রবৃদ্ধিরই সহায়ক।’
গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘অধ্যাপক ড. মুশাররফ হোসেন স্মারক বক্তৃতা’য় ‘বাংলাদেশে কৃষি সংস্কারের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক প্রবন্ধে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ ও বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২০১৬-২০২০: স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক আঞ্চলিক সেমিনারের অংশ হিসেবে এই স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়।
আবুল বারকাত বলেন, উন্নয়ন দর্শন ও সংশ্লিষ্ট নীতি-কৌশল এমন হতে হবে, যা দারিদ্র্যের সব রূপ নিরসন করবে এবং সেই সঙ্গে অর্থনীতির বৃদ্ধি-প্রবৃদ্ধি নিশ্চিত করবে। আর তা যদি করতে হয় তবে কৃষি-ভূমি-জলা সংস্কারের বিষয়টিকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখতে হবে। তিনি আরও বলেন, ‘উন্নয়নের লক্ষ্যে অর্থনীতিতে বার্ষিক যে ৭ শতাংশ, ৮ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, কৃষি-ভূমি-জলা সংস্কার করলে শুধু যে তা অর্জন হবে তা-ই নয়, বরং ধনী-দরিদ্রের সম্পদ বৈষম্য ও অসমতা যথেষ্ট মাত্রায় হ্রাস পাবে।’
এর আগে সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী এই সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান এবং সভাপতিত্ব করেন অর্থনীতি সমিতির সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী।