ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান বলেছেন, যানজট ও জলাবদ্ধতা নিরসনে ভোলা পৌরসভা কার্যকর পদক্ষেপ নিলেও একটি প্রভাবশালী চক্র উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে। গতকাল বুধবার বেলা ১১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে মেয়র বলেন, নির্বাচিত হওয়ার পরে তিনি সড়ক, নালা-নর্দমা, বিদ্যালয়ের মাঠ, পুকুরের ঘাটলা, নলকূপ স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন করছেন। বিগত সময়ে অপরিকল্পিত বাড়িঘর নির্মিত হওয়ায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। সড়কগুলো সরু হওয়ায় দুটি রিকশা যাওয়া-আসা করতে পারে না। এসব সমস্যা সমাধানে পৌরসভা কার্যকর কয়েকটি পদক্ষেপ নিলেও তা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বাধার মুখে পড়ছে।
মেয়র বলেন, সম্প্রতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজি মোন্তাজ উদ্দিন সড়কের মুসলিমপাড়া নোয়াববাড়ি থেকে ডাক্তারবাড়ি ড্রেন উন্নয়নের কাজ করতে গেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া ও তাঁর ভাগনে উপজেলা কৃষক দলের সভাপতি মো. শাহিন কাজ বন্ধ করে দেন। এ সময় তাঁরা ঠিকাদার ও মেয়রকে গালিগালাজও করেন। ফারুক মিয়া ব্যক্তিগত স্বার্থকে রাজনৈতিক ইস্যু বানাতে বিএনপি কার্যালয়ে মেয়রের বিরুদ্ধে ১ ডিসেম্বর প্রতিবাদ সভা করেছেন।
মেয়র আরও বলেন, পর্যাপ্ত নালা না থাকায় মুসলিমপাড়ার মানুষ গত ২০ বছর ধরে জলাবদ্ধতার শিকার হয়ে আসছেন। ওই চক্রটি শুরু থেকেই ভোলার সব উন্নয়নে বাধা দিচ্ছে। ভোলা জিয়া সুপার মার্কেটটি ঝুঁকিপূর্ণ হলেও বাধার মুখে সেখানে নতুন করে ভবন নির্মাণ করা যাচ্ছে না। তাঁরা উন্নয়ন ব্যাহত করতে আদালতে মামলা করেছেন। সড়ক প্রশস্ত করার কাজ করতে গেলেও বাধা দিচ্ছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, ‘মেয়র যে উন্নয়ন করছেন, তা অপ্রয়োজনীয় ও প্রতিহিংসামূলক। এ কারণেই কাজে বাধা দিয়েছি।’ অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ভাগনে মেয়রকে গালাগাল করেনি, করেছে ঠিকাদারকে। উল্টো মেয়র আমার ভাগনেকে তাড়া করেছেন।’