
নওগাঁর রানীনগর উপজেলার বৈঠাখালী বিলের নিচু এলাকা দখল করে মাছ ধরতে বাধা দেওয়া হচ্ছে। এতে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে পারছেন না এলাকার মানুষ।
অভিযোগ উঠেছে, ইনছের আলী নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি এ কাজের সঙ্গে জড়িত। তাঁর বাড়ি মিরাট ইউনিয়নের নয়া হরিশপুর গ্রামে। সরকারি দলের নেতা-কর্মীদের সঙ্গে আঁতাত করে তিন বছর ধরে তিনি এভাবে মাছ ধরছেন। প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি স্থানীয় লোকজন।
উপজেলার মিরাট ইউনিয়নের বেশির ভাগ এলাকাজুড়ে খাল ও বিল। এ ইউনিয়নে বৈঠাখালী বিলের অবস্থান। উন্মুক্ত জলাশয় হওয়ায় যে কেউ সেখানে মাছ ধরতে পারেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের অধিকাংশ বাসিন্দা সরকারি উন্মুক্ত বিলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে আশপাশের লোকজনও বৈঠাখালী বিলে মাছ ধরত। কিন্তু গত তিন বছর ইনছের আলী ও তাঁর সহযোগীরা ওই বিলের কয়েকটি স্থান দখল করে রাখেন। সেখানে বাঁশ, ঝোপঝাড় ফেলে রাখেন। এটি স্থানীয়ভাবে কাঠা নামে পরিচিত। বিলের পানি কমতে থাকলে মাছ সেখানে আশ্রয় নেয়। পরে সেখান থেকে মাছ ধরা হয়। এ বছর তাঁরা বিলের দুটি স্থানে কাঠা তৈরি করেছেন। একেকটির আয়তন তিন থেকে চার একর।
নয়া হরিশপুর গ্রামের মকবুল হোসেন ও জয়েদ আলী বলেন, ‘আগে আমরা ইচ্ছেমতো এই দহ (বৈঠাখালী বিল) থেকে মাছ ধরেছি। কিন্তু তিন বছর যাবৎ সেখানকার নিচু জমি দখল করে রাখা হয়েছে। আর বঞ্চিত হচ্ছে আমাদের মতো গরিব সাধারণ মৎস্যজীবীরা।’
মিরাট মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সাহার আলী সরকার বলেন, ‘ইনছের আলী অবৈধভাবে দীর্ঘদিন ধরে এই দহ ভোগদখল করে আসছেন। তিনি কতিপয় ব্যক্তিকে নিয়ে আমাদের আহার কেড়ে নিচ্ছেন। আমরা এই অন্যায়ের বিচার চাই। ইনছের আমাদের কাউকেই মানতে চান না। তাঁর খুঁটির জোর কোথায়?’
স্থানীয় ইউপি সদস্য মো. আজিজুল ইসলাম বলেন, উন্মুক্ত জলাশয় দখল করে মাছ শিকারের বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে লিখিতভাবে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, তিনি এখানে নতুন যোগ দিয়েছেন। এই বিষয়ে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে ইনছের আলী বলেন, ‘কয়েক বছর যাবৎ আমরা এই দহটি কাঠা দিয়ে ভোগদখল করে আসছি। তাই এবারও সেখানে কাঠা দিয়েছি। দহটি উন্মুক্ত কি না, তা আমি জানতে চাই না।’
মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রণজিৎ সাহা বলেন, ‘জবরদখলের সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জড়িত নন। ওই সমস্যা নিয়ে দুটি মৎস্যজীবী সমিতির সদস্যরা আমার কাছে এসেছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিষয়টি মিটমাট করা হবে।’