উন্মুক্ত জলাশয়ের বদলে মাছের পোনা গেল আ.লীগ কর্মীদের বিলে
রাজশাহীর বাগমারা উপজেলায় নীতিমালা লঙ্ঘন করে উন্মুক্ত জলাশয়ের পরিবর্তে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের নিয়ন্ত্রিত বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এতে এ প্রকল্প থেকে স্থানীয় জেলেরা কোনো সুবিধা পাবেন না বলে অভিযোগ করেছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন বলেন, নিয়ম অনুযায়ী উন্মুক্ত জলাশয়ে প্রকল্পের মাছের পোনা অবমুক্ত করার কথা। মৎস্য দপ্তরের ‘ওপর মহল থেকে’ আসা তালিকা অনুসারে তাঁরা আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের নিয়ন্ত্রিত বিলে মাছের পোনা অবমুক্ত করেছেন।
তবে নরদাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ বলেন, বিলটিতে এলাকার লোকজন মাছ চাষ করেন। তবে সেখানে সাধারণ জেলেদের মাছ ধরার সুযোগ নেই।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, চলতি বছরে উন্মুক্ত জলাশয়ে (বিল) নার্সারি স্থাপনের জন্য সরকারিভাবে মাছের পোনা অবমুক্ত করার প্রকল্প নেওয়া হয়। এ জন্য উপজেলার নরদাশ ইউনিয়নের যশোবিলে এক লাখ টাকার মাছের পোনা ছাড়ার জন্য গত ১৬ সেপ্টেম্বর মৎস্য কার্যালয় দরপত্র আহ্বান করে। ২২ সেপ্টেম্বর আবদুল করিম বকস নামের এক ব্যক্তি পোনা অবমুক্তের কাজ পান। গত বুধবার বিকেলে তিনি বিলটিতে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ছাড়াও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় ব্যক্তিরা বলেন, যশোবিলটি আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের নিয়ন্ত্রিত। তাঁদের খুশি করার জন্য সেখানে মৎস্য কার্যালয় সরকারি টাকার মাছের পোনা অবমুক্ত করেছে। আওয়ামী লীগের নরদাশ ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, কর্মী গোলাম মোস্তফার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা ওই বিলে মাছ চাষ করেন। তাঁরা বোরো মৌসুমে জমির মালিকদের বিনা খরচে সেচ দিয়ে সেখানে মাছ চাষ করেন। সাধারণ জেলেরা ওই বিলে নামতে পারেন না।
স্থানীয় মৎস্যজীবী জহির উদ্দিন, আবদুল আলী, সেকেন্দারসহ ছয়-সাতজন অভিযোগ করেন, বিলটি প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকায় তাঁরা সেখানে মাছ ধরতে পারেন না। সরকারি দলের লোকজনকে খুশি করতে জলাশয়ে সরকারি টাকায় মাছ অবমুক্ত করা হয়েছে।
আওয়ামী লীগের কর্মী এবং ওই বিল পরিচালনা কমিটির সম্পাদক গোলাম মোস্তফা বলেন, তাঁরা জমির মালিকদের কাছ থেকে জমি ইজারা নিয়ে ওই বিলে মাছ চাষ করছেন।
এর আগে গত আগস্টে ‘জলাশয়ে পোনা মাছ অবমুক্ত কার্যক্রম’-এর অংশ হিসেবে মাড়িয়া ইউনিয়নের একটি বিলে ও উপজেলা পরিষদের পুকুরে প্রায় দেড় লাখ টাকার মাছ অবমুক্ত করা হয়েছে। ওই পুকুরের নিয়ন্ত্রণ উপজেলা পরিষদের এবং বিলের নিয়ন্ত্রণ স্থানীয় প্রভাবশালীদের হাতে। তাঁরাই এর সুবিধা ভোগ করেন।