উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ২০ পরীক্ষার্থী বহিষ্কার
নীলফামারীর সৈয়দপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার পরীক্ষার প্রথম দিনে সৈয়দপুর মহাবিদ্যালয় কেন্দ্রে ওই ২০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
সৈয়দপুর মহাবিদ্যালয় কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল ছিল বাংলা আবশ্যিক প্রথম পত্রের পরীক্ষা। এবার সৈয়দপুর মহাবিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬৪৪ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। প্রথম দিনের পরীক্ষায় ৫৩৬ পরীক্ষার্থী অংশ নেয়। কিন্তু পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. মশিউর রহমান ওই পরীক্ষার্থীদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের বহিষ্কার করা হয়।
সৈয়দপুর মহাবিদ্যালয় কেন্দ্রের কেন্দ্রসচিব অধ্যক্ষ মো. হাফিজুর রহমান ওই ২০ পরীক্ষার্থীকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।