উপ-রেজিস্ট্রার সোলায়মান সিকদার বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসদাচরণ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আইনসংগত আদেশ অমান্য ও দায়িত্বে অবহেলার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তরের উপ-রেজিস্ট্রার সোলায়মান সিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে বরখাস্তের পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে ওই বিষয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার রেজিস্ট্রার দপ্তর থেকে এ সংক্রান্তপত্র ইস্যু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোলায়মান সিকদার মাননীয় ভাইস চ্যান্সেলরের অনুমোদন ব্যতিরেকে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার লোকমান ফকির মহিলা কলেজে অধ্যক্ষ নিয়োগের অনুমতিসংক্রান্ত সিদ্ধান্তমূলক পত্র প্রস্তুত করে। একই সঙ্গে তা যাচাই করে ইস্যু করার জন্য ফাইল উপস্থাপন করেন, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংবিধি-৮-এর পরিপন্থী। ওই অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ ব্যাপারে বরখাস্তের পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে ওই বিষয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। তবে সাময়িক বরখাস্তকালীন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি সংবিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। তাঁর জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সোলায়মান সিকদারের গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরইবাড়ী এলাকায়। তিনি প্রায় এক বছর আগে ওই পদে নিয়োগ পেয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।