উপকমিশনারসহ ১১ জন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষের টাকার তহবিল সংগ্রহের অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশাল মহানগর পুলিশের এক উপকমিশনারসহ ১১ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপকমিশনারকে গতকাল বুধবার এবং অন্য পুলিশ সদস্যদের গত মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়।
একই অভিযোগে বরিশাল মহানগর পুলিশের কমিশনারকে প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। পদোন্নতি পেতে ঘুষের জন্য নেওয়া ওই টাকা ফেরত দিতেও নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
ঘুষ দেওয়ার জন্য ১০ জেলায় পুলিশ সদস্যরা গোপনে তহবিল সংগ্রহ করছেন—এমন অভিযোগের তদন্ত চলছে। পুলিশের সূত্র
জানায়, ঘুষের টাকা লেনদেনের জন্য বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) রীতিমতো ব্যাংক হিসাবও খুলেছে। এসব তথ্য যাচাই করতে চার জেলার পুলিশ সদস্যদের ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড (ডিপিএস) শাখার কর্মকর্তারা।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি ও পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার জিললুর রহমানকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তদন্তে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে জিললুর রহমানকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘কেউ ফৌজদারি অপরাধ করলে সে পুলিশ হিসেবে গণ্য হবে না। তাকে অপরাধী হিসেবে গণ্য করে আইনের আওতায় আনা হচ্ছে। এ ধরনের অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।’
সূত্র জানায়, সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন বিএমপির রিজার্ভ কার্যালয়ের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুজ্জামান, এএসআই মনির হোসেন, নায়েক মো. কবির হোসেন, চালক কনস্টেবল শহীদুল ইসলাম, কনস্টেবল বাবলু জোমাদ্দার, রেশন স্টোরকিপার কনস্টেবল মো. আব্বাস উদ্দিন, কনস্টেবল আরিফুর রহমান, গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল তাপস কুমার মণ্ডল, চালক কনস্টেবল দোলন বড়াল এবং এএসআই হানিফ।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, পুলিশের নিম্ন পদে পদোন্নতি হয় শূন্য পদের ভিত্তিতে। এ জন্য প্রতিবছর একবার করে বিভাগীয় পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মেয়াদ থাকে এক বছর। অর্থাৎ উত্তীর্ণ হওয়ার এক বছরের মধ্যে কারও পদোন্নতি না হলে পরের বছর আবার তাঁকে পরীক্ষা দিতে হয়। এ জন্য পদোন্নতি পেতে ইচ্ছুক ব্যক্তিরা শূন্য পদের আভাস পেলে নিজেরাই মন্ত্রণালয়ে চেষ্টা-তদবির করে পদ শূন্য করান। এ ব্যবস্থা অনেক দিন থেকেই গোপনে চলে আসছিল।
সম্প্রতি পুলিশ সদর দপ্তর জানতে পারে, বরিশালের পুলিশ সদস্যরা পদোন্নতি পেতে ঘুষের টাকার জন্য তহবিল গঠন করেছেন। এই তহবিলের নেতৃত্বে ছিলেন মহানগরের উপকমিশনার জিললুর রহমান। গত বছরের নভেম্বরে বরিশাল পুলিশের আট শতাধিক কনস্টেবল পদোন্নতি পরীক্ষায় অংশ নেন। এঁদের মধ্যে ২৩২ জন কনস্টেবলসহ মোট ৩৩৭ জন উত্তীর্ণ হন। কিন্তু উত্তীর্ণ হলেও শূন্য পদ না থাকায় তাঁদের পদায়ন হয়নি। জিললুর রহমান পুলিশ সদস্যদের আশ্বাস দেন, স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে তদবির করে তিনি এসব পদ শূন্য করে দিতে পারবেন। এ জন্য জনপ্রতি তিনি ৫০ হাজার টাকা জমা দিতে বলেন। এ টাকা সংগ্রহের জন্য সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) আনিসুজ্জামান, নায়েক কবির, কনস্টেবল বাবুলের যৌথ নামে ব্যাংকে একটি হিসাব খোলার ব্যবস্থা করা হয়। সেই হিসাবে ৭৭ লাখ টাকা জমা হয়।
জিললুর রহমান লিখিতভাবে পুলিশ সদর দপ্তরে জানান, স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে ঘুষ দেওয়ার জন্য তিনি এই অর্থ সংগ্রহ করেছিলেন। তাঁদের লক্ষ্য ছিল, এই তহবিলে ১ কোটি ৭০ লাখ টাকা জমা হবে। এর মধ্যে ৭৭ লাখ টাকা জমা হয়। সেই টাকার মধ্যে তিনি নিজে ৫৭ লাখ টাকা তুলে নিয়েছেন। সাত লাখ টাকা তিনি খরচ করেছেন, বাকি ৫০ লাখ টাকা তাঁর ব্যক্তিগত হিসাবে আছে। তবে হিসাব পরিচালনার সঙ্গে যুক্ত পুলিশ সদস্যরা ডিপিএস শাখার কর্মকর্তাদের জানিয়েছেন, ওই হিসাবে বর্তমানে ১৭ লাখ টাকা জমা আছে। বাকি ৬০ লাখ টাকা তাঁরা উপকমিশনারকে দিয়েছেন।
বরিশাল অফিস জানায়, বিএমপির কমিশনার শৈবাল কান্তি চৌধুরী প্রথম আলোকে বলেন, জুন মাসের প্রথম সপ্তাহে পদোন্নতির জন্য অর্থ সংগ্রহের বিষয়টি নজরে আসে। বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে ১১ জুন বিষয়টি পুলিশ সদর দপ্তরকে জানানো হয়। পুলিশ সদর দপ্তর গত ১৭ জুন এ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা মেলে। এরপর ২৯ জুন প্রথম দফায় ১০ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়।
অবৈধ লেনদেনের বিষয়টি জানতেন কি না—এ প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী প্রথম আলোকে বলেন, পদোন্নতির জন্য তদবির হয়, হয়েছে। কিন্তু অর্থ লেনদেনের ব্যাপারটি জানা ছিল না। এভাবে টাকা তোলা ঠিক হয়নি। পুলিশের মধ্যে কিছু দুষ্ট রয়েছে। তারাই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ কাজ করেছে। এ ব্যাপারে বরিশালেও একটি তদন্ত কমিটি করা হয়েছে।
তবে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলেছেন, এত দিন ধরে এভাবে টাকা আদায়ের বিষয়টি পুলিশ কমিশনার জানবেন না, এটা হতে পারে না। এ জন্য ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড শাখা থেকে কমিশনারকে প্রত্যাহারের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, আরও নয়টি জেলায় এ ধরনের ঘুষ সংগ্রহের খবর পুলিশ সদর দপ্তরের কাছে এসেছে। এখন এসব খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য চার জেলা থেকে পুলিশ সদস্যদের ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করছে ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড শাখা। শাখার কর্মকর্তারা বলছেন, বরিশালের ঘটনার পর সব জেলার পুলিশ সতর্ক হয়ে গেছে।