উপকার করতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীর
উপকার করতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের দিরাই উপজেলার টুকদিরাই গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম বাবুল পাল (৩৫)। তাঁর বাড়ি দিরাই উপজেলার টুকদিরাই গ্রামে। প্রতিবেশী আফতাব আলী ও তাঁর পরিবারের লোকজন তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টুকদিরাই গ্রামের আফতাব আলীর বাড়িতে একটি নলকূপ স্থাপনের কাজ চলছে। নলকূপ স্থাপনের কাজের শ্রমিকদের থাকার জন্য প্রতিবেশী বাবুল পাল তাঁর একটি ঘরে জায়গা দেন। গতকাল সকাল আটটার দিকে বাবুল তাঁর মুঠোফোনটি খুঁজে না পেয়ে তা আফতাব আলীকে বলেন। আফতাব আলী জানান, তাঁর শ্রমিকেরা ফোনসেট নেননি। একপর্যায়ে বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে আফতাব আলী ও তাঁর পরিবারের লোকজন বাবুল পালের ওপর হামলা চালান। তখন ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই বাবুল মারা যান।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েছ আলম জানান, বাবুল পালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আফতাবের স্ত্রী তকলিনা, পুত্রবধূ মোমেনা ও উজালা বেগম এবং ছেলে সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার অভিযোগে বাবুলের ছোট ভাই রতন পাল থানায় মামলা দায়ের করেছেন।