উপকারভোগীদের বাগানের বাঁশ কেটেছেন ইজারাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সামাজিক বনায়নের আওতায় করা বাঁশবাগান থেকে এক ব্যবসায়ী বাঁশ কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ওই বাগানের উপকারভোগী ব্যক্তিরা ২০ ফেব্রুয়ারি জুড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বন বিভাগ ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বন বিভাগের সাগরনাল বিটের আমজুরা এলাকায় প্রায় ৯৯ একর জায়গায় ২০১২-১৩ অর্থবছরে সামাজিক বনায়নের আওতায় মাকাল, মুলি ও খাঙ প্রজাতির বাঁশের বাগান করা হয়। ওই বাগানে উপকারভোগীর সংখ্যা ১০০। তবে বন বিভাগের পক্ষ থেকে তাঁদের এ-সংক্রান্ত কোনো দলিল দেওয়া হয়নি। বাগানের পাশেই সাগরনাল বাঁশমহাল। এটির আয়তন ৩ হাজার ২৭৯ একর।

২০১৫-১৬ অর্থবছরে মামুনুর রশীদ নামের স্থানীয় এক ব্যবসায়ী প্রায় পাঁচ কোটি টাকায় বন বিভাগের কাছ থেকে বাঁশমহালটি এক বছরের জন্য ইজারা নেন। সেখানে প্রায় ৪০ লাখ বাঁশ আছে। বর্তমানে ওই মহালে বাঁশ কাটা চলছে।

উপকারভোগী ব্যক্তিদের লিখিত অভিযোগে বলা হয়েছে, তাঁদের বাগানে প্রচুর পরিপক্ব বাঁশ রয়েছে। ২০ ফেব্রুয়ারি বাঁশমহালের ইজারাদারের নিয়োজিত ১০-১২ জন শ্রমিক তাঁদের বাগানে ঢুকে লক্ষাধিক বাঁশ কেটে ফেলেন। খবর পেয়ে উপকারভোগী ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে শ্রমিকেরা চলে যান। এর আগেও একই স্থান থেকে শ্রমিকেরা বাঁশ কেটে নিয়ে যান।

এ বিষয়ে ইজারাদার মামুনুর রশীদ বলেন, তিনি ইজারাভুক্ত জায়গা থেকেই বাঁশ কাটাচ্ছেন। মহালের ভেতর সামাজিক বনায়নের কোনো বাগান আছে কি না, সেটা তাঁর জানা নেই। বন বিভাগের কর্মকর্তারাও এ ব্যাপারে আগে তাঁকে কিছু জানাননি।