উপকূলে বেপরোয়া ১৩ জলদস্যু বাহিনী
কক্সবাজার সমুদ্র উপকূলে আবারও বেপরোয়া হয়ে উঠেছে ১৩ জলদস্যু বাহিনী। কুতুবদিয়া থেকে সেন্ট মার্টিন পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার সাগরে হামলা চালিয়ে দস্যুরা জেলেদের আহরিত মাছ, জাল ও ইঞ্জিন লুট করছে।
পুলিশ ও ট্রলারমালিক সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে এফসি জুলি ও এফবি শাহেদ নামের দুটি ট্রলারে দস্যুরা হামলা চালিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ, জাল লুট করে। এরপর দুই ট্রলারের ২৫ জেলেকে সাগরে ভাসিয়ে দিয়ে দস্যুরা কেটে পড়ে। পরে মাছ ধরার আরেকটি ট্রলার ভাসমান জেলেদের উদ্ধার করে কক্সবাজারে নিয়ে আসে।
গত মঙ্গলবার রাত ১২টার দিকে কুতুবদিয়া উপকূলের গুলিদার নামক স্থানে একাধিক দস্যু বাহিনী আটটি মাছ ধরার ট্রলারে লুটপাট চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে দস্যু দল বেপরোয়া গুলি চালিয়ে এফভি পারভিন ও এফবি খাজা আজমীর নামের দুটি ট্রলারসহ ৩৮ জেলেকে জিম্মি করে কয়েক লাখ টাকার মাছ, জাল ও ইঞ্জিন লুট করে। দস্যুদের গুলি ও হামলায় আহত হয়েছেন ১০ জেলে।
এফবি পারভিন ট্রলারের মালিক ছাবের আহমদ বলেন, খালি ট্রলার নিয়ে ভাসতে ভাসতে ২২ জেলে গত বুধবার সকালে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে পৌঁছায়। এরপর ট্রলার থেকে জেলেরা মুঠোফোনে তাঁকে জলদস্যু কর্তৃক হামলা ও লুটপাটের বর্ণনা দেন। এরপর তিনি বেলা ১১টার দিকে অন্য একটি ট্রলার নিয়ে ২২ জেলেকে উদ্ধার করে কুতুবদিয়ায় নিয়ে যান।
এফবি খাজা আজমীর ট্রলারের মাঝি (সারেং) নুর হোসেন বলেন, দস্যুরা এই ট্রলারের ১৬ জেলেকে জিম্মি করে কয়েক লাখ টাকার মাছ ও জাল লুট করে। এ সময় চট্টগ্রামের আনোয়ারা ও সন্দ্বীপ এলাকার আরও ছয়টি ট্রলারে লুটপাট চালায় একাধিক দস্যু দল।
অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে মহেশখালীর সরোয়ার বাহিনী, জাম্বু বাহিনী, নাগু বাহিনী, নোনাছড়ির হেলাল বাহিনী, আঁধারঘোনার বাদইল্যা ও বদাইয়া বাহিনী, কুতুবজুমের আনজু ও ল্যাং ফরিদ বাহিনী, ধলঘাটার বেলাল ও জসু বাহিনী, মাতারবাড়ির জয়নাল বাহিনী, কুতুবদিয়া রমিজ ও ইউনুচসহ ১৩টি জলদস্যু বাহিনীর অন্তত ২৫০ সদস্য সক্রিয় রয়েছে। অবৈধ অস্ত্রের পাশাপাশি দস্যু দলের হাতে ধারালো অস্ত্র ও তির-ধনুক মজুত রয়েছে।
কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, জেলেরা জীবিকার সন্ধানে সাগরে নামলে জলদস্যুদের কবলে পড়ে অনেকে আহত হচ্ছেন। আহরিত মাছ, জাল ও ইঞ্জিন হারিয়ে বিপাকে পড়ছেন বহু ট্রলারমালিক।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর বলেন, উত্তাল সমুদ্রে নেমে জলদস্যুদের ধরার মতো আধুনিক জলযান পুলিশের নেই। তার পরও উপকূলে অভিযান চালিয়ে পুলিশ সম্প্রতি ১২ দস্যুকে আটক করেছে।