উপজেলা চেয়ারম্যানকে চিফ হুইপের হত্যার হুমকির অভিযোগ
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান অভিযোগ করেছেন, জাতীয় সংসদের চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ তাঁকে হত্যার হুমকি দিয়েছেন। তবে চিফ হুইপ এ অভিযোগ অস্বীকার করেছেন।
আওয়ামী লীগের নেতা মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রোববার উপজেলা পরিষদের বাজেট পাস অনুষ্ঠানে আসবেন কিনা জানতে তিনি চিফ হুইপকে ফোন করেন। এ সময় চিফ হুইপ জানান, পৌরসভার মেয়র অনুষ্ঠানে উপস্থিত থাকলে তিনি আসবেন না।
মজিবুর অভিযোগ করেন, ‘এর কিছুক্ষণ পর বিকেল ৩টা ৪৬ মিনিটে চিফ হুইপ আ স ম ফিরোজ আমাকে ফোন করে বাউফলের মাটিতে ল্যাংটা করে দেওয়ার হুমকি দেন। কিন্তু আমি তাঁকে বলেছি, তিনি তা পারবেন না। পরে তিনি আমাকে বলেন, বেশি বাড়াবাড়ি করলে আমাকে তিনি দুনিয়া থেকে সরিয়ে দেবেন।’
চেয়ারম্যান মজিবুর বলেন, চিফ হুইপের সঙ্গে ফোনে কথোপকথনের সময় সেখানে ইউনিয়ন পরিষদের (ইউপি) কয়েকজন চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীসহ প্রায় ২০ জন উপস্থিত ছিলেন। তিনি ফোনে লাউড স্পিকারের মাধ্যমে সবাইকে চিফ হুইপের কথা শোনান।
এ হুমকির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে চিফ হুইপ আ স ম ফিরোজ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, ‘খোদার কসম, এ ধরনের কথা আমি বলতে পারি না। আমি একজন রাজনীতিবিদ। একজন ভদ্রলোককে এভাবে হেয়প্রতিপন্ন করা ঠিক না।’