উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমানের বিরুদ্ধে বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
গত মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। এর পর থেকেই চেয়ারম্যান কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, বিএনপির চলমান রাজনৈতিক আন্দোলনে নাশকতায় জড়িত থাকার অভিযোগে আবদুর রহমানসহ বিএনপির ৬৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই ইসতিয়াক আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় আবদুর রহমান ১৩ নম্বর আসামি। গতকাল বুধবার চেয়ারম্যান আর তাঁর কার্যালয়ে আসেননি।
আবদুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে আমাকে আসামি করা হয়েছে। আমি শিগগিরই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করব।’
এসআই ইসতিয়াক আহমেদ বলেন, তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত নন, এমন ব্যক্তিদের মামলা থেকে বাদ দেওয়া হবে।