উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ আসামি ৬, প্রকৌশলী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দের ৫৪ লাখ ৪৬৮ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকৌশলীসহ ছয়জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে লোহাগড়া থানায় এই মামলা করেন। মামলা হওয়ার পরপরই উপজেলা প্রকৌশলী ওসমান গণিকে দুদক গ্রেপ্তার করেছে।

ওসমান গণি ছাড়া অন্য আসামিরা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর, তৎকালীন ইউএনও মো. সেলিম রেজা এবং তিন ঠিকাদার উপজেলার পোদ্দারপাড়ার পরিমল কুমার ঘোষ, কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আরাফাত আজম ও সাফিয়া মোরশেদ।

এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন অনগ্রসর উপজেলার জন্য এডিপির বিশেষ থোক বরাদ্দ থেকে ২০১৫-১৬ অর্থবছরে লোহাগড়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য টাকা বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দ থেকে চাচই-কালনা সড়ক পাকাকরণ কাজে ১১ লাখ ৪৬৮ টাকা আত্মসাৎ করা হয়েছে।

অন্য মামলার এজাহারে উল্লেখ করা হয়, লাহুড়িয়া কালিগঞ্জ ও নলদী বাজারে শৌচাগার নির্মাণ; আমাদা দাখিল মাদ্রাসার শ্রেণিকক্ষ নির্মাণ; বিভিন্ন হাটবাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে নলকূপ স্থাপন; প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ; অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত, দরিদ্র নারী, কাজি ও মসজিদের ইমামের মধ্যে পোশাক বিতরণ; বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের আসবাব; ক্রীড়াসামগ্রী, বাদ্যযন্ত্র বিতরণসহ ২৪টি প্রকল্পে উপজেলা মাসিক সমন্বয় সভার মাধ্যমে এডিপির ৪৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এসব প্রকল্পে ভুয়া কিছু লোকের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে সৈয়দ ফয়জুল আমীর, সেলিম রেজা ও ওসমান গণির যোগসাজশে ৪৩ লাখ টাকাই আত্মসাৎ করা হয়।

জানতে চাইলে মামলার বাদী আলী আকবর প্রথম আলোকে বলেন, দুদক ব্যাপক অনুসন্ধান করে অর্থ আত্মসাতের বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয়। এই পরিপ্রেক্ষিতে দুটি মামলা করা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ‘এ মামলার বাদী আমি। দুদক এ মামলার তদন্তের দায়িত্বও আমাকে দিয়েছে।’

লোহাগড়া থানায় গ্রেপ্তার হওয়া প্রকৌশলী ওসমান গণির কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

ইউএনও সেলিম রেজা বর্তমানে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কর্মরত। গতকাল বিকেলে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই ২৪ প্রকল্পের কেনাকাটা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজে। আমি এ বিষয়ে তেমন কিছু জানি না। এ ছাড়া চাচই-কালনা সড়কের বরাদ্দের টাকা তুলে প্রকৌশলীর কাছে রাখা হয়েছিল। কাজ তদারকি শেষে তিনি এ টাকা দিয়েছেন।’

 জানতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীরের মুঠোফোনে গতকাল কয়েকবার ফোন করলেও তিনি তা ধরেননি।