উপজেলা চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মজিবুর রহমানের বিরুদ্ধে গত শনিবার রাতে বাউফল থানায় একটি চাঁদাবাজির মামলা করা হয়েছে।

ওই মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাড়াও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান, সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামশেদসহ ৩১ জনকে আসামি করা হয়েছে।

ছাত্রলীগের কর্মী লিংকন মাহমুদ বাদী হয়ে ওই মামলাটি করেন। তাঁর বাড়ি বাউফল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ি এলাকায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দলীয় কোন্দলকে কেন্দ্র করে এ নিয়ে তিনটি মামলা হয়েছে। তবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে ঘটনার সঙ্গে যাঁরা জড়িত কেবল তাঁদের বিরুদ্ধেই খুব কম সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আনুমানিক পাঁচ মাস আগে ছাত্রলীগের কর্মী লিংকন বাজাজ কোম্পানির একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল কেনেন। এরপর থেকেই তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছেন আসামিরা। আর চাঁদা না দেওয়ায় যখন তাঁর কাছে মোটরসাইকেল চাইবেন তখনই তাঁদের (আসামি) কাছে মোটরসাইকেল তুলে দিতে হবে বলে হুমকি দেন আসামিরা। ওই চাঁদার টাকা না দেওয়ায় গত ২১ জুন বিকেল চারটার দিকে বাউফল পৌরসভা ভবনের সামনের সড়কে আসামিরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে ফের ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দেওয়ায় তাঁকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ২০ হাজার টাকা আসামিরা ছিনিয়ে নেন।

বাউফল থানার পুলিশ সূত্র জানায়, এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে লাঞ্ছিত করার ঘটনায় ২৫ জুন দ্রুত বিচার আইনে বাউফল থানায় আরেকটি মামলা করা হয়েছে।

এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, বাউফল পৌর যুবলীগের সভাপতি মামুন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল ইসলামসহ আরও অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বাদী হয়ে ওই মামলাটি করেন।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২১ জুন দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং নওমালা ইউপি চেয়ারম্যান ও জাতীয় শ্রমিক লীগের বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজাদা হাওলাদারকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন বিকেলে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বাউফল পৌরসভা ভবনের সামনের সড়কে ও দাশপাড়া ল্যাংড়া মুনশির পুল এলাকায় পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ওই দিন রাতেই মো. সুমন (৩৫) নামে এক যুবক একটি মামলা করেন। এতে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। সুমনের মামলার সব সাক্ষীই লিংকনের মামলারও সাক্ষী এবং ঘটনার সময় একই।

এ বিষয়ে ২২ জুন প্রথম আলোয় ‘বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।